দেশ

দ্বিতীয় বিয়ে করলেই চাকরি হারানোর আশঙ্কা! সরকারি কর্মীদের জন্য কড়া নিয়ম অসমে, বড় ঘোষণা হিমন্ত সরকারের

সরকারি চাকরিতে থেকেও একাধিক বিয়ের অভিযোগ উঠলে এবার বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন কর্মীরা। বহুবিবাহের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে সরকারি চাকরিতে আবেদন করার ক্ষেত্রেও তাঁর উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। অসমের সরকারি কর্মীদের জন্য এমনই কড়া নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অসম সার্ভিসেস (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলস, ১৯৬৪-তে সংশোধন আনা হয়েছে। বিধির রুল ৭-এর অধীনে নতুন ধারা যুক্ত করে বহুবিবাহে যুক্ত সরকারি কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি ভবিষ্যতে সরকারি চাকরির জন্য আবেদন করার অযোগ্যও ঘোষণা করা হতে পারে।

**২০২৩ সালেই জারি হয়েছিল নির্দেশিকা**

সরকারি কর্মীদের মধ্যে বহুবিবাহ রুখতে ২০২৩ সালের অক্টোবরেই নির্দেশিকা জারি করেছিল অসম সরকার। সেখানে বলা হয়েছিল, কোনও সরকারি কর্মীর স্বামী বা স্ত্রী জীবিত থাকলে সরকারের আগাম অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না। ব্যক্তিগত ধর্মীয় আইন বা পার্সোনাল ল-তে দ্বিতীয় বিয়ের অনুমতি থাকলেও সরকারি কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম মানতে হবে।

অসম সিভিল সার্ভিসেস (কন্ডাক্ট) রুলস, ১৯৬৫-এর ২৬ নম্বর ধারার অধীনে এই নির্দেশিকা জারি করা হয়েছিল। পুরুষ কর্মীদের পাশাপাশি স্বামী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা মহিলা সরকারি কর্মীদের ক্ষেত্রেও নিয়মটি প্রযোজ্য। নির্দেশ অমান্য করলে বিভাগীয় তদন্ত এবং শাস্তিমূলক পদক্ষেপের মুখে পড়তে হতে পারে।

**বাজেটেও ছিল কড়া পদক্ষেপের প্রস্তাব**

২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটেও বহুবিবাহে যুক্ত সরকারি কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব সামনে এসেছিল। অসমের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বাজেট পেশের সময় সংশ্লিষ্ট বিধি সংশোধনের কথা জানিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই এবার শাস্তির বিধান আরও স্পষ্ট করা হল।

অসম সরকারের দাবি, মহিলাদের ক্ষমতায়ন এবং নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই পদক্ষেপ। ফলে সরকারি কর্মীদের ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের আগে অনুমতি নেওয়ার পুরনো নিয়মের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে চাকরি হারানো এবং ভবিষ্যতে সরকারি নিয়োগে অযোগ্য হওয়ার মতো কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.