সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনেই মালদার একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে পর্ষদ সভাপতি জানান, “খুব ভালো ব্যবস্থাপনা এবং সুষ্ঠুভাবেই পরীক্ষা হচ্ছে। ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা।”
মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে তিনি দেখেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীরাও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। পর্ষদ সভাপতি জানান, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা যাতে না ঘটে, সেদিকেও নজর রাখা হয়েছে। অতীতে মালদায় প্রশ্নপত্র ফাঁসের কিছু ঘটনা ঘটলেও, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, এ বছর মালদায় মোট ৩২ হাজার ৬৫১ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। ১২২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পর্ষদ সভাপতি পরীক্ষা কেন্দ্রের কর্মীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করেন।







