বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান। পর্দায় বিভিন্ন চরিত্রে তিনি যেমন নিখুঁত, ব্যক্তিগত জীবনেও সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি বরাবরই স্পষ্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে এল সেই কথাই। ‘কিং অফ রোম্যান্স’ বলতেই দর্শকরা যাঁর নাম প্রথমেই উচ্চারণ করেন, তিনি শাহরুখ খান। এই প্রসঙ্গ টেনেই সঞ্চালক আমিরকে প্রশ্ন করেন— শাহরুখ পর্দার রোম্যান্স কিং, কিন্তু বাস্তব জীবনে কি আমিরই রোম্যান্সের আসল রাজা?
প্রশ্ন শুনেই হেসে ফেলেন আমির। পালটা প্রশ্ন ছুড়ে দেন, “কে রোম্যান্টিক নয়? আমাকে এমন একজন মানুষ দেখান তো!” তাঁর বক্তব্য, প্রত্যেক মানুষের ভিতরেই রোম্যান্সের এক আলাদা আবেগ লুকিয়ে থাকে। সেই আবেগই জীবনের সম্পর্কগুলোকে রঙিন করে তোলে। নিজের জীবনের উদাহরণ টেনে আমির বলেন, “আমার তিনটি সম্পর্কই আমাকে সমানভাবে সমৃদ্ধ করেছে। রিনা হোক বা কিরণ, কিংবা বর্তমানে গৌরী— প্রত্যেকেই আমাকে অন্যভাবে পূর্ণ করেছে।”
সাক্ষাৎকারে খানিক নস্ট্যালজিক হয়ে অভিনেতা ফিরে দেখেন নিজের প্রথম দাম্পত্য। রিনা দত্তের সঙ্গে তাঁর সম্পর্কের শুরুটা যখন, তখন তাঁর বয়স মাত্র একুশ, রিনার উনিশ। দু’জনে একসঙ্গে বড় হয়েছেন, একসঙ্গে কাটিয়েছেন ষোলোটি বছর। আমিরের কথায়, “রিনার সঙ্গে আমার জীবনের প্রথম অধ্যায়টা খুব সুন্দর ছিল। তারপর কিরণের সঙ্গে দাম্পত্য— সেখানেও আমি সমানভাবে রোম্যান্টিক ছিলাম, সমানভাবে জড়িয়ে ছিলাম।”
বর্তমানে গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কের কথাও অকপটে স্বীকার করেন আমির। বলেন, “এ সম্পর্ক আমাকে নতুনভাবে সম্পূর্ণ করেছে। জীবনে এমন মানুষদের পাওয়া সত্যিই সৌভাগ্যের।”
সব মিলিয়ে স্পষ্ট— পর্দায় শাহরুখ খান রোম্যান্সের সম্রাট হলেও, বাস্তব জীবনে আমির খান নিজের রোম্যান্টিক সত্তাকে কোনওদিনই আড়াল করেন না। সম্পর্কের প্রতি তাঁর শ্রদ্ধা, আবেগ এবং আত্মসমর্পণই তাঁকে ব্যক্তিগত জীবনে আলাদা করে তোলে।







