দেশ

গোয়ায় ৯৭ ভোটারের নাম আটকে ‘ECINet’-এ, নির্বাচন কমিশনের প্রযুক্তি ব্যবস্থাকে ঘিরে নতুন বিতর্ক

৯০ কোটিরও বেশি ভোটারের দেশে ৯৭ জন ভোটারের সংখ্যা হয়তো খুবই নগণ্য। কিন্তু গোয়ার এই ঘটনা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা এবং নাগরিকের ভোটাধিকার নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। নির্বাচন কমিশনের অভ্যন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একক সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ এবং ‘ECINet’ সফটওয়্যার নিয়ে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশীর আপত্তির মধ্যেই গোয়ার এই ঘটনা সামনে এসেছে।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুথ ও মহকুমা স্তরের নির্বাচনী আধিকারিকদের অনুমোদন থাকা সত্ত্বেও কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি বিভাগ এবং ECINet সফটওয়্যারের জটিলতার কারণে গোয়ার ৯৭ জন নাগরিকের নাম ভোটার তালিকায় ফেরানো যায়নি।

জানা গিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার পর গত ২১ ফেব্রুয়ারি গোয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় দেখা যায়, ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ হিসেবে চিহ্নিত ৯৭ জন ভোটারের নাম নেই। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ওই তালিকায় থাকা ভোটারদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে নিজেদের দাবি জানানোর জন্য ১০ দিন সময় দেওয়া হয়েছিল।

সেই নির্দেশ মেনে গোয়ার ৬৪৯ জন ভোটার পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত নথি জমা দিয়ে আবেদন করেন। সংশ্লিষ্ট বিধানসভা এলাকার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা বা ERO-রা সমস্ত নথি যাচাই করেন। যাচাইয়ের পর ৯৭ জনের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে অনুমোদনও দেওয়া হয়।

অভিযোগ, স্থানীয় আধিকারিকদের অনুমোদনের পরও সেই সিদ্ধান্ত কার্যকর করা যায়নি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে গোয়ার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি বিভাগকে একাধিকবার ই-মেল করা হয়। ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে মোট আটটি ই-মেল পাঠানো হলেও, ECINet-এর দায়িত্বপ্রাপ্ত তথ্যপ্রযুক্তি বিভাগের তরফে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর ফলে ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও ওই ৯৭ জনের নাম সেখানে জায়গা পায়নি। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পরবর্তী সময়েও তাঁদের নাম তালিকায় ফেরানো সম্ভব হয়নি।

এখানেই সামনে এসেছে ERO-Net থেকে ECINet-এ যাওয়ার বিষয়টি। আগে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার ERO-দের ভোটার তালিকায় নাম সংযোজন বা সংশোধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু ECINet চালুর পর সেই প্রক্রিয়ার একটি বড় অংশ কেন্দ্রীয় নিয়ন্ত্রণে চলে এসেছে বলে অভিযোগ।

নির্বাচন কমিশনের দুই সদস্য সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশীও গত কয়েক মাসে ECINet-এর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং রাজ্য ও স্থানীয় আধিকারিকদের ক্ষমতা কমে যাওয়ার বিষয়ে একাধিকবার আপত্তি জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গোয়ার ৯৭ ভোটারের ঘটনাকে কেন্দ্র করে তাই ফের প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশনের প্রযুক্তিনির্ভর ভোটার তালিকা ব্যবস্থাপনা। স্থানীয় নির্বাচনী আধিকারিকরা প্রয়োজনীয় যাচাই ও অনুমোদন দেওয়ার পরও যদি কোনও নাগরিকের নাম ভোটার তালিকায় ফিরিয়ে আনা সম্ভব না হয়, তা হলে নির্বাচন পরিচালনায় প্রযুক্তি ও প্রশাসনিক ক্ষমতার ভারসাম্য নিয়েও প্রশ্ন উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.