রাজনীতি

“শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করব না”— পুলিশি তদন্ত নিয়ে বিস্ফোরক অভিষেক

রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে নতুন করে উত্তপ্ত হল বাংলার রাজনীতি। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসটিএফ) ও সিআইডির ভূমিকা নিয়ে সরাসরি অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যম এক্স-এ করা এক পোস্টে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে তাঁর অফিস ও ঘনিষ্ঠ সহযোগীদের বেআইনিভাবে হেনস্থা করা হচ্ছে।

অভিষেকের এই প্রতিক্রিয়া আসে তাঁর ঘনিষ্ঠ সহযোগী দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পর। অভিযোগ, গত কয়েক সপ্তাহে কোনও বৈধ নোটিস ছাড়াই তাঁর অফিসের সঙ্গে যুক্ত প্রায় ২৫ জন কর্মীকে এসটিএফ ও সিআইডি জিজ্ঞাসাবাদের নামে তলব করেছে বা তুলে নিয়ে গিয়েছে। তাঁর দাবি, আটক ব্যক্তিদের ভয় দেখিয়ে এবং মানসিক চাপ সৃষ্টি করে তাঁর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বাধ্য করার চেষ্টা চলছে। পাশাপাশি ফোনে বেআইনি নজরদারি এবং কর্মীদের পরিবারের সদস্যদের, বিশেষ করে মহিলাদের, ডেকে পাঠিয়ে হেনস্থার অভিযোগও তুলেছেন তিনি।

এক্স-এ অভিষেক লেখেন, “যা করার করে নিন। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত কারও সামনে মাথা নত করব না।” তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর থেকেই প্রাক্তন শাসকদলের একাধিক নেতা ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় তদন্ত জোরদার করেছে রাজ্য পুলিশ ও সিআইডি। অভিষেকের ঘনিষ্ঠদের বিরুদ্ধেও একাধিক তদন্ত চলছে। তবে এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্বের প্রকাশ্য সমর্থন খুব একটা চোখে পড়েনি, যা রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

অভিষেকের বিস্ফোরক অভিযোগের জেরে রাজ্য রাজনীতিতে নতুন সংঘাতের আবহ তৈরি হয়েছে। এখন নজর শাসক শিবির ও প্রশাসনের সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.