আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো মায়ানমার । এবার সেই ভূমিকম্পের প্রভাব বিস্তার হয় বাংলাতেও। আজ সকাল ১১টা ৫০মিনিটে মায়ানমারে প্রথম ভূমিকম্প হয় । ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। এরপর আবার ১২টা ২ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭।
মায়ানমারে এই জোড়া ভূমিকম্পে থরথরিয়ে কেঁপে উঠল সবকিছু। ভেঙে পড়ল একের পর এক বাড়ি ।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের উৎস ছিল। জোরাল এই ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে। ভেঙে পড়েছে ব্রিজ। আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির আন্দাজ করার চেষ্টা চলছে। আফটার শকেরও আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের ব্যাপক প্রভাব দেখা গিয়েছে থাইল্যান্ডেও। সেখানেও জোরাল কম্পন অনুভূত হয়েছে। ব্যাঙ্ককে ভেঙে পড়েছে নির্মীয়মাণ বহুতল। জলোচ্ছাস দেখা গিয়েছে বড় বড় হোটেলের সুইমিং পুলেও।
এদিকে, বাংলাতেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে ভূমিকম্প অনুভব হয়েছে।
১২টা ২ মিনিটে মায়ানমারের মান্দালয় থেকে ৯০ কিমি দূরে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি নীচে কম্পনের কেন্দ্র ছিল। যেহেতু ভূপৃষ্ঠের এত কাছে, অগভীর কম্পনের উৎসস্থল ছিল, তাই মাটির উপর ধাক্কা অনেক বেশি অনুভূত হয়েছে। জানা গিয়েছে, এখানে ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নীচে ঢুকে গিয়েছে। দুই প্লেটের সংঘর্ষে বিপুল পরিমাণে শক্তি জমা হচ্ছে ভূগর্ভে। সেই শক্তিই ভূমিকম্প রূপে বেরিয়ে এসেছে।







