কয়েক বছর আগে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতলেও, আজহারউদ্দিন ভোটে হেরে গিয়েছিলেন। তবে এবার কংগ্রেস সরকার তাঁকে বিধান পরিষদের সদস্য হিসেবে মনোনীত করল। এই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আজহারউদ্দিন। তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিকেও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
২০২৩ সালের বিধানসভা নির্বাচনে আজহারউদ্দিন জুবিলি হিলস কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু বিআরএস-এর মাগান্তি গোপীনাথের কাছে হেরে যান। পরে একজন বিধায়কের মৃত্যুর পর ওই আসনে উপনির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল, তবে তার আগেই তাঁকে বিধান পরিষদের সদস্য করা হয়েছে।
রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে যে, রাজ্যপালের অনুমোদন পেলে আজহারউদ্দিন রাজ্যের মন্ত্রীও হতে পারেন। জানা গেছে, মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি তাঁকে মন্ত্রিসভায় একজন সংখ্যালঘু মুখ হিসেবে দেখতে আগ্রহী।
উল্লেখযোগ্য, ২০০৯ সালে আজহারউদ্দিন কংগ্রেসের টিকিটে উত্তর প্রদেশের মোরাদাবাদ কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ হয়েছিলেন। ২০১৩ সালে রাজস্থানের টঙ্ক-সোয়াই মাধোপুর কেন্দ্র থেকে হেরে যান। দীর্ঘ ১১ বছর পর ফের সক্রিয় রাজনীতির ক্ষমতার কেন্দ্রে ফিরলেন এই প্রাক্তন ক্রিকেটার।







