গুরু পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, ভারতীয় সংস্কৃতিতে এটি গুরু-শিষ্য সম্পর্কের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর এক বিশেষ দিন। আজ, ২৯ জুলাই, দেশজুড়ে ভক্তিভরে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও পরিচিত, তাই একে অনেকেই ব্যাস পূর্ণিমা নামেও জানেন।
সনাতন ধর্মে গুরুকে কেবল শিক্ষাদাতা নয়, জীবনের প্রকৃত পথপ্রদর্শক হিসেবে দেখা হয়। শাস্ত্রে বলা হয়েছে, “গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ”—অর্থাৎ সৃষ্টির, পালন ও সংহারের শক্তির প্রতীক হিসেবে গুরুকেই সম্মান জানানো হয়েছে। কারণ, একজন প্রকৃত গুরু মানুষের জীবনের অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় পথ দেখান।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অর্থ, সম্পদ কিংবা সামাজিক প্রতিষ্ঠা জীবনে গুরুত্বপূর্ণ হলেও, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নৈতিকতা এবং জীবনের মূল্যবোধ গড়ে ওঠে গুরুর শিক্ষায়। সুখে অহংকার না করা, দুঃখে ভেঙে না পড়া এবং প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার শিক্ষা একজন গুরুর কাছ থেকেই পাওয়া যায়।
গুরু পূর্ণিমার দিন গুরুর আশীর্বাদ লাভকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি গুরু সশরীরে উপস্থিত থাকেন, তবে তাঁর চরণ স্পর্শ করে আশীর্বাদ নেওয়া শ্রেয়। আর যদি তিনি দূরে থাকেন বা ইহলোক ত্যাগ করে থাকেন, তবে আন্তরিকভাবে তাঁকে স্মরণ করে তাঁর আদর্শ অনুসরণ করার সংকল্প নেওয়াই এই দিনের সবচেয়ে বড় সাধনা বলে মনে করা হয়।
শাস্ত্রের মতে, গুরুকে দামি উপহার দেওয়ার চেয়ে তাঁর শিক্ষা জীবনে বাস্তবায়ন করা এবং সৎ, মানবিক ও আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই গুরুর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন। তাই গুরু পূর্ণিমা শুধু আচার-অনুষ্ঠানের দিন নয়, আত্মসমালোচনা, কৃতজ্ঞতা এবং সঠিক পথে চলার অঙ্গীকার করারও এক পবিত্র উপলক্ষ।







