২০২৬ এই রাজ্যের বিধানসভা নির্বাচন। আর সেই লক্ষ্যে এখন থেকেই কোমর বাঁধছে বঙ্গ বিজেপি। সম্প্রতি দোল উৎসবের দিনে ২৫টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করেছিল পদ্মশিবির। সেই তালিকায় ১৭টি নতুন মুখ দেখা গিয়েছিল। এবার আরও ৮টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বঙ্গ বিজেপি।
সূত্রের খবর, বাকি ১০টি জেলার সভাপতিদের নামও খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে। এরপরই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
নতুন ৮টি মুখের মধ্যে অধিকাংশই সঙ্ঘ ঘনিষ্ঠ, বলে জানা যাচ্ছে । এছাড়াও, তালিকায় রয়েছেন সংগঠনের একাধিক পুরনো নেতার নাম। এর আগে ২৫টি সাংগঠনিক জেলার মধ্যে ১৭টি ছিল নতুন মুখ। যা থেকে স্পষ্ট, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করতে সঙ্ঘ ঘনিষ্ঠ এবং প্রাক্তনদের গুরুত্ব বাড়চ্ছে বিজেপিতে।
মঙ্গলবার আলিপুরদুয়ারে মিঠুন দাস , বহরমপুরে মলয় মহাজন , ডায়মন্ড হারবারে সোমা ঘোষ , হাওড়া গ্রামীণ দেবাশীষ সামন্ত , মেদিনীপুরে সমিত কুমার মন্ডল , বিষ্ণুপুরে সুজিত অগস্থি, বোলপুরে শ্যামাপদ মন্ডল এবং বীরভূমে দূর্বা সাহা, সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়। মেদিনীপুর-সহ বেশ কয়েকটি জেলায় নতুন মুখ আনা হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়েছে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি আরও কয়েকটি নাম আলোচনায় রয়েছে। এখন দেখার ২০২৬-এর ভোটের আগে শীর্ষ নেতৃত্ব কার হাতে বঙ্গ বিজেপির দায়িত্ব তুলে দেয়।







