রবিবার রামনবমীকে ঘিরে নানান জায়গায় চুরান্ত প্রস্তুতি চলছে। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ইতিমধ্যেই সেই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। তেমনি মালদাতেও রামনবমীর প্রস্তুতি তুঙ্গে। এর পাশাপাশি মিছিলে সহযোগিতা করবেন মুসলিম সম্প্রদায়ের লোকজনও। সম্প্রীতির বাংলায় নিঃসন্দেহে অন্যতম নজির। মালদায় রামনবমী আয়োজনের প্রস্তুতি চলছে।তবে এবারই তাঁরা প্রথমবার সহযোগিতা করছেন এমনটা নয়, এর আগেও মালদার আটকোশি মুসলিম কমিটি এনিয়ে সহযোগিতা করেছে। আটকোশি মুসলিম কমিটির সম্পাদক আসিফ হোসেন জানিয়েছেন, আমাদের মালদহের মাটি সম্প্রীতির মাটি। এখানে কোনও সাম্প্রদায়িক শক্তি দানা বাঁধতে পারবে না। এই বিষয়ে আমরা নিশ্চিত। আমাদের কমিটির তরফে প্রতি বছরই রাম নবমীর মিছিলে অংশগ্রহণ করা হয়। মিছিলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা হয়। এই বছরও আমরা করব। জানিয়েছেন তাঁরা।
আটকোশি মুসলিম কমিটির সম্পাদক জানিয়েছেন, এই বৈঠকেই আমরা ঠিক করব চূড়ান্ত প্রস্তুতি কেমন হবে। মিছিলে আমাদের তরফ থেকে জল সরবত কী কী দেওয়া হবে সব ঠিক হবে। মিছিলে আমাদের তরফে পুষ্প বৃষ্টিরও পরিকল্পনা রয়েছে। মিষ্টিমুখ করা যায় কি না সেই চেষ্টাও করা হচ্ছে।
জেলায় জেলায় রামনবমীর প্রস্তুতি চলছে। সতর্ক পুলিশ প্রশাসন। বিভিন্ন জায়গায় চলবে ড্রোন দিয়ে নজরদারি। প্রচুর পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন এলাকায়। স্পর্শকাতর এলাকায় চলছে রুটমার্চ। সবরকম খেয়াল রাখছে পুলিশ। হাওড়া থেকে হাতিবাগান, কলকাতা থেকে কাঁচড়াপাড়া সর্বত্র চলছে রাম নবমীর প্রস্তুতি।







