আইপিএলের ইতিহাসে মে মাসে মুম্বাই ইন্ডিয়ান্সের ঘুরে দাঁড়ানোর গল্প বহুবার দেখা গেছে। কিন্তু এবারের চিত্র কিছুটা ভিন্ন। ২০২৫ আইপিএলে এখনো পর্যন্ত চার ম্যাচের মধ্যে তিনটিতেই হার মেনেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলে খুব দ্রুতই পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে একটাই বড় আশার আলো—দলে ফিরছেন জশপ্রীত বুমরাহ।
একজন খেলোয়াড় দলের ভাগ্য বদলে দিতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, তবে বুমরাহ যে সেই বিরল ক্ষমতা রাখেন, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু শুধু বল হাতে বুমরাহর ম্যাজিকেই সবকিছু ঠিক হয়ে যাবে না। মুম্বাইয়ের বড় সমস্যা ব্যাটিং অর্ডার নিয়ে। ওপেনিং জুটি বারবার ব্যর্থ হচ্ছে, রোহিত শর্মা ছন্দে নেই, তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে কোচ মায়েলা জয়াবর্ধনেকে।
অন্যদিকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেশ ভালো ছন্দে আছে। যদিও শেষ ম্যাচে গুজরাটের কাছে হেরেছে তারা, কিন্তু এর আগে দুটি অ্যাওয়ে ম্যাচ জিতেছে এবং চেন্নাইয়ের মাঠে ২০০৮ সালের পর প্রথম জয় পেয়েছে। রজত পাতিদার নেতৃত্বে শান্ত, আক্রমণাত্মক এবং পরিকল্পনামাফিক খেলছেন, পাশে আছেন অভিজ্ঞ বিরাট কোহলি।
ওয়াংখেড়ে’র হালকা শিশির, গরম আবহাওয়া এবং ছোট মাঠ মিলিয়ে টস জয়ী দল বোলিং নেবে বলেই ধরে নেওয়া যায়। এখন দেখার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং রোহিতরা কি নিজেদের ব্যাটে আবার সেই চেনা মুম্বাইকে ফিরিয়ে আনতে পারেন? নাকি বেঙ্গালুরু ২০১৫ সালের পর ওয়াংখেড়েতে জয়ের ইতিহাস গড়বে।







