দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন হাইনরিখ ক্লাসেন। ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচের আগে ক্লাসেন জানান, পাঁচ ম্যাচের সিরিজ না হওয়া প্রোটিয়াদের বর্তমান অবস্থার প্রতিফলন। বুধবার সেঞ্চুরিয়নে তৃতীয় ম্যাচে হারের পর সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়া দক্ষিণ আফ্রিকার জন্য সর্বোচ্চ অর্জন হবে সিরিজ ড্র করা।
ক্লাসেন বলেন, “আমাদের টেস্ট সিরিজ দুটি ম্যাচের মধ্যে সীমাবদ্ধ, যা অত্যন্ত অযৌক্তিক। যদি শুক্রবার জিতে আমরা ২-২ এ সিরিজ সমতায় আনি, তাহলে রবিবার একটি নির্ণায়ক ম্যাচ খেলার সুযোগ কতই না চমৎকার হতো।”
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ইচ্ছা দীর্ঘ সিরিজে অংশ নেওয়া, কিন্তু অধিকাংশ সিরিজই সীমিত ম্যাচের মধ্যে সীমাবদ্ধ। ক্লাসেন আরও উল্লেখ করেন, “আমরা দেখতে পাই ভারত একই দিনে পৃথিবীর দুই প্রান্তে খেলছে। অথচ আমাদের লম্বা সিরিজ খেলার সুযোগই থাকে না। বিষয়টি খেলোয়াড়দের জন্য হতাশাজনক।”
দক্ষিণ আফ্রিকা ২০২২-২৩ মরসুমে অস্ট্রেলিয়া সফরের পর থেকে আর তিন ম্যাচের বেশি টেস্ট সিরিজ খেলেনি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ তো তাদের জন্য এখন স্মৃতিমাত্র। সর্বশেষ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ২০০৪-০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে।
শুক্রবারের ম্যাচ নিয়ে ক্লাসেন বলেন, “আমাদের সিরিজ হার এড়াতে হবে। দ্রুত পরবর্তী ম্যাচের প্রস্তুতি নেওয়া ভালো, কারণ এটি ফর্ম ধরে রাখার সুযোগ দেয়।”
দক্ষিণ আফ্রিকার বর্তমান অবস্থা আন্তর্জাতিক ক্রিকেটে তাদের গুরুত্ব ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে।







