খেলাধুলা

পান্থদের বিপক্ষে ম্যাচ হাতছাড়া করে পিচকে দুষছেন রাহানে, পাল্টা ব্যাখ্যা সুজনের

এ যেন বাইশ গজের বাইরেও এক আলাদা লড়াই! মাঠে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা যেমন জারি, তেমনই ড্রেসিংরুমের বাইরে চলছে পিচকে ঘিরে চাপানউতোর। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের পর ফের একবার ইডেনের পিচকে কাঠগড়ায় তুললেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে। নাম করে কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে তুলোধোনা করে বললেন, ‘‘তিনি প্রচারে থাকতে ভালবাসেন।’’

এই প্রথম নয়, মরশুমের প্রথম ম্যাচেই আরসিবির বিরুদ্ধে হারার পর সুজনকে দোষারোপ করেছিলেন রাহানে। কেকেআরের দাবি, হোম ম্যাচে তাঁরা বাড়তি সুবিধা পাচ্ছেন না, এমনকি পিচেও নেই প্রত্যাশিত স্পিন। যদিও মাঝপথে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ‘আদেশমতো’ পিচ পেয়েই জয় এসেছিল নাইট শিবিরে। তখন অবশ্য রাহানেদের মুখে পিচ নিয়ে কোনও অভিযোগ শোনা যায়নি।

সুজন মুখোপাধ্যায়ের জবাব যদিও অনেক বেশি মার্জিত, তবে কটাক্ষ লুকিয়ে ছিল তাতে। তিনি বললেন, ‘‘মানুষ খেলা দেখেছে, তারাই বিচার করবে পিচ কেমন হয়েছে।’’ বোঝাই যাচ্ছে, কিউরেটর সরাসরি লড়াইয়ে নামতে চান না, তবে ঘুরিয়ে রাহানের বক্তব্যকে নস্যাৎ করছেন। একদিকে অধিনায়কের বক্তব্য, অন্যদিকে কিউরেটরের আত্মবিশ্বাস—ফলে বিতর্ক যেন নতুন মোড় নিচ্ছে।

এই পরিস্থিতিতে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই পক্ষের মাঝে থেকে ভারসাম্য রক্ষা করাই এখন তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ প্রশ্ন উঠছেই—খেলার ফলাফলে পিচ সত্যিই প্রভাব ফেলছে, নাকি পরাজয়ের দায় চাপাতে এটা নিছক অজুহাত?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.