কুম্ভমেলার অন্যতম আকর্ষণ হলেন নাগা সন্ন্যাসীরা। কুম্ভমেলাতেই সাধারণ মানুষ এই নাগা সন্ন্যাসীদের দর্শন পান। সারা গায়ে ভষ্ম মাখা, মাথায় জটা এই সন্ন্যাসীদের অন্য সময় সাধারণত দেখা যায় না। বছরের বেশিরভাগ সময় নাগা সাধুরা গভীর জঙ্গল বা পাহাড়ের গুহায় আত্মগোপন করে সাধনায় মগ্ন থাকেন।
নাগা সন্ন্যাসী সহজে হওয়া যায় না। নাগা সাধু হতে গেলে ১২ বছরের কঠোর সাধনার প্রয়োজন। নাগা সন্ন্যাসী হওয়ার সাধনার মধ্যে যখন তাঁরা থাকেন, সেই সময় শুধু কৌপিন ধারণ করে থাকেন। কুম্ভ মেলায় স্নান করে সেই কৌপিন বিসর্জন দিয়ে নাগা সন্ন্যাসীর জীবন যাপন করার শপথ নেন এঁরা। অনেকের মতে নাগা সন্ন্যাসীদের যে কঠোর সাধনার মধ্যে দিয়ে যেতে হয় তা যে কোনও দেশের সেনাবাহিনীর অনুশীলনের থেকেও কঠিন।
নাগা সাধুরা শোওয়ার জন্য কখনও খাট, বিছানা ব্যবহার করেন না। এঁরা শীত-গ্রীষ্ম-বর্ষা ১২ মাস খালি মাটিতে শুয়ে থাকেন। ২৪ ঘণ্টায় মাত্র একবার এঁরা খাবার খান। ভিক্ষে করেই নিজেদের খাদ্য সংগ্রহ করেন এঁরা। কিন্তু একদিনে মাত্র সাতটি বাড়িতে ভিক্ষের জন্য প্রার্থনা করতে পারেন নাগা সাধুরা। এই সাত বাড়িতে কিছু না পেলে সেদিন অভুক্ত থাকতে হয় এঁদের।







