শিক্ষক দিবস। গোটা দেশজুড়ে পালিত হয়েছে কৃতজ্ঞতা আর সম্মানের এই দিন। তবে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর উত্তর চক্রের গাববেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ছিল অন্যরকম দৃশ্য।
ডাল-ভাত-ডিম নয়, মিড-ডে মিলে আজকের স্পেশাল মেনুতে ছিল চিকেন বিরিয়ানি।
প্রথম থেকে চতুর্থ শ্রেণির আড়াইশো পড়ুয়ার জন্য বিরিয়ানি রান্না করলেন স্বয়ং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। আর সেই খাবার ভাগ করে নিলেন ছাত্রছাত্রীদের সঙ্গে।
সকাল থেকেই শুরু হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তিতে মেতেছিল স্কুল চত্বর।
ছাত্রদের জন্য আয়োজিত হয়েছিল এক প্রীতি ফুটবল ম্যাচও। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকেরা।
প্রধান শিক্ষক অরিন্দম রায় বলেন— “শিক্ষক দিবস আমাদের খুশির দিন। তাই ছাত্রছাত্রীদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চেয়েছি।”
শিক্ষিকা প্রিয়া সিংহ রায়ের কথায়— “প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের সঙ্গে বিরিয়ানি ভাগ করে খাওয়াটাই আজকের সবচেয়ে বড় আনন্দ।”
আনন্দ, খেলাধুলো, গান আর বিরিয়ানি-ভোজে স্মরণীয় হয়ে রইল গাববেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিবস।







