এলপিজি গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের ই-কেওয়াইসি করার সময়সীমা বাড়িয়ে ২৩ অগস্ট করা হয়েছে। আগে ১৬ অগস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করলে ভবিষ্যতে রান্নার গ্যাসের জন্য অতিরিক্ত টাকা দিতে হতে পারে বলে জানানো হয়েছিল। যদিও কত টাকা বেশি দিতে হবে, তা এখনও স্পষ্ট করেনি কেন্দ্র।
১৫ ও ১৬ অগস্ট ছুটি থাকায় সময়সীমা নিয়ে উদ্বেগে ছিলেন বহু গ্রাহক। সেই পরিস্থিতিতে ডিলারদের কাছে মেয়াদ বৃদ্ধির নির্দেশ এসেছে। ইনডেন এলপিজি কুকিং গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজন বিশ্বাসও ২৩ অগস্ট পর্যন্ত সময় বাড়ানোর কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহক ছাড়া অন্যদের আধারভিত্তিক ফেস আইডি যাচাইয়ের মাধ্যমে ই-কেওয়াইসি করতে হবে। অনলাইনে সংশ্লিষ্ট গ্যাস সংস্থার অ্যাপের মাধ্যমে অথবা অফলাইনে ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে এই কাজ করা যাবে। অনলাইনে করতে আধারফেসআরডি অ্যাপও প্রয়োজন হতে পারে। অফলাইনে গেলে সঙ্গে আধার কার্ড রাখতে হবে।







