যাত্রার সময় ৯২৭টি সেতু অতিক্রম করতে হবে ট্রেনটিকে। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকালে দু পাশে দেখা যাবে বরফে ঢাকা পাহাড়। অন্ধকার গুহার ভিতর দিয়ে পেরোতে হবে ১১৯ কিলোমিটার পথ। সব মিলিয়ে এক দারুন এডভেঞ্চারের সাক্ষী হতে চলেছে যাত্রীরা। কি ভাবছেন কোথায় রয়েছে এমন এডভেঞ্চারভরা রেলপথ? কোথায় গন্তব্য এই ট্রেনের? কিভাবেই বা চড়া যাবে এই ট্রেনে? আর বেশি ভাবার প্রয়োজন নেই। এই রেলপথ রয়েছে ভারতেই। চলতি মাসেই শুভ সূচনা হতে চলেছে এই রেলপথের।
১৯৯৭ সালে এই পরিকল্পনা শুরু করে রেল। আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্র্যাকে প্রথম ট্রেনের উদ্বোধন করবেন। জম্মুর শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা স্টেশন থেকে কাশ্মীরের শ্রীনগর স্টেশন পর্যন্ত চলবে ট্রেন। আরও বিশেষ চমক রয়েছে এই পথে। মোট ৩৬টি সুড়ঙ্গ অতিক্রম করতে হবে ট্রেনটিকে। টানেলের দূরত্ব প্রায় ১১৯ কিলোমিটার। সম্পূর্ণ ট্র্যাকের দৈর্ঘ্য ২৭২ কিলোমিটার। যাত্রাপথে ৯২৭টি ছোট-বড়ো সেতু পার হবে ট্রেনটি।
এখানে চেনাব নদীর উপর নির্মিত সেতুটি বিশ্বের সর্বোচ্চ, যার উচ্চতা ৩৫৯ মিটার, যা আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার বেশি। পাই-খাদ এবং আঞ্জি খাদের মধ্যে দিয়ে যাওয়া টানেল টি-৩৪-এর দৈর্ঘ্য ৫ কিলোমিটারেরও বেশি। ভারতের দীর্ঘতম পরিবহন সুড়ঙ্গ ও এই রেলপথের দীর্ঘতম টানেল টি-৫০, যার দৈর্ঘ্য ১২.৭৭ কিলোমিটার। বরফে ঢাকা পীর পাঞ্জাল পর্বতমালার বানিহাল এবং কাজিগুন্ডের মধ্যে নির্মিত টি-৮০ হল দ্বিতীয় দীর্ঘতম টানেল যার দৈর্ঘ্য ১১.২ কিলোমিটার। টানেল টি-৩৩ এর দৈর্ঘ্য ৩.২ কিলোমিটার, যা ত্রিকুটা পাহাড়ে নির্মিত হয়েছে। ৩ কিলোমিটার দীর্ঘ টানেল টি-২৫ প্রস্তুত করতে সময় লেগেছে ৬ বছর। সুড়ঙ্গের নীচে ভূগর্ভস্থ জলের স্রোত ছিল, তাই সেখানে সুড়ঙ্গ তৈরি করা সহজ ছিল না। তবুও এই অসাধ্য সাধন করে দেখিয়েছে রেল। তাই জম্মু থেকে কাশ্মীর যাওয়া রেলপথের রোমাঞ্চকর অভিজ্ঞতা করতে একবার কাশ্মীর ঘুরে আসাই যায়।







