বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ মানেই যেন পিভি সিন্ধুর আলাদা আসন। প্রতিবারের মতো এ বারও নিজের ছন্দে আলো ছড়াচ্ছেন ভারতীয় শাটলার। শেষ ষোলোতে দ্বিতীয় বাছাই ওয়াং ঝি ই-কে স্ট্রেট গেমে হারিয়ে (২১-১৯, ২১-১৫) সহজেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন তিনি। খেলার ধারার মধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে, আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার মিশেলে সিন্ধু এখনও বিশ্ব ব্যাডমিন্টনের বড় মঞ্চে ভারতের প্রধান ভরসা।
প্যারিসে কোর্টে নামার আগে পরিসংখ্যানই সিন্ধুর পক্ষে কথা বলছিল। চ্যাম্পিয়নশিপে কোনও দিন চিনা প্রতিপক্ষের কাছে হারেননি তিনি। ওয়াংয়ের বিরুদ্ধেও সমান রেকর্ড ছিল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে দেখা যায় তাঁকে। প্রথম গেমে একসময় এগিয়ে গেলেও মাঝপথে লড়াইয়ে ফেরেন ওয়াং। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে দু’টি পয়েন্ট তুলে গেম ছিনিয়ে নেন সিন্ধু।
এর পর যেন আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তিনি। দ্বিতীয় গেমে প্রতিপক্ষের ভুলকে কাজে লাগিয়ে একের পর এক পয়েন্ট তোলেন সিন্ধু। ওয়াংয়ের শট বাইরে পড়তে থাকে, আর সেগুলিকে দক্ষতায় কাজে লাগান ভারতীয় তারকা। শেষ পর্যন্ত ২১-১৫ গেম জিতে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেন। দর্শকদের চোখে ধরা পড়েছে এক নতুন উদ্যমী সিন্ধু, যিনি আবারও পদকের স্বপ্ন দেখাচ্ছেন দেশকে।
একই দিনে ভারতীয় মিক্সড ডবলস জুটিও সাফল্য পায়। ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো প্রথম গেমে হেরে গিয়েও অসাধারণ প্রত্যাবর্তন করে জয় ছিনিয়ে নেয় (১৯-২১, ২১-১২, ২১-১৫)। তাঁদের সাফল্যের সুরে যোগ করলেন সিন্ধু। ভারতীয় ব্যাডমিন্টনের জন্য বৃহস্পতিবার তাই হয়ে থাকল এক স্মরণীয় দিন।







