চাকরিহারা শিক্ষক- শিক্ষিকাদের কারা স্কুলে যাবেন তা নিয়ে কাল স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে জানিয়ে দিয়েছে, যাঁরা অযোগ্য হিসেবে বিবেচিত নয় তাঁরা কাজে যোগ দেবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশ আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা দিতে হবে।
এই চলতি বছরের শেষের মধ্যেই এই নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। ৩১ শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগপ্রক্রিয়া।
এর পাশাপাশি চাকরিহারা শিক্ষকদের এক অংশ প্রশ্ন তুলেছেন, নয়া নিয়োগপ্রক্রিয়ায় যে কোন দুর্নীতি হবে না তার নিশ্চয়তা কী আছে? এই একই সন্দেহ শুভেন্দু আধিকারীরও।
এই বিষয় নিয়ে শুভেন্দু আধিকারী বলছেন, ‘নতুন করে পরীক্ষা হওয়া মানে তৃণমূল আবার প্রশ্ন বিক্রি করবে, ভাইভার ১০ নম্বর তো তৃণমূলের হাতে আছে। নিজের লোকদের দশের মধ্যে নয় সাড়ে নয় দেবে, আর যাদের বাদ দিতে চাইবে তাদের এক-দেড়-দুই করে নম্বর দেবে। এভাবে তৃণমূল আবার ৫০০ কোটি টাকা তুলবে নির্বাচনের আগে’। এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘বিষয়টা জটিল হয়ে গেছে। যোগ্যরা চাকরি বাঁচাতে চেয়েছিলেন। আদালত তাঁদের নয় মাসের বেতন নিশ্চিত করেছে কিন্তু সকলকে পরীক্ষায় বসতে হবে।’
এদিন ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যে পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদে, সেই নিয়েও শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। শুভেন্দুর অভিযোগ “মুর্শিদাবাদের আসল ঘটনা রাজ্য চেপে গিয়েছিল কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রকৃত তথ্য নিজেরা খোঁজ নিয়ে জেনেছে। আদালতে সেটা জানিয়েছে।” তাঁর মতে শুধু মুর্শিদাবাদ না কোচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী আগামী নির্বাচনে কোথাও হিন্দুরা ভোট দিতে পারবে না। রাষ্ট্রপতি শাসন জারি করে তবেই নির্বাচন করতে হবে।







