খেলাধুলা

সুপার কাপে কেরালার কাছে হেরে বিদায় ইস্টবেঙ্গলের, শনিবার হচ্ছে না ডার্বি

সুযোগ ছিল সুপার কাপে নতুন ইতিহাস গড়ার, সুযোগ ছিল পরের শনিবার মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের মুখোমুখি হওয়ার। কিন্তু সব স্বপ্ন এক ঝটকায় ভেঙে গেল রবিবার সন্ধ্যায়। কোচ অস্কার ব্রুজো যতই বলুন ‘তিন সপ্তাহ কঠোর পরিশ্রম করেছি’, বাস্তবে তা মাঠে দেখা যায়নি। সুপার কাপে প্রথম ম্যাচেই কেরল ব্লাস্টার্সের কাছে ০-২ গোলে হার যেন ইস্টবেঙ্গলের মরসুমের ব্যর্থতার শেষ স্বাক্ষর।

ম্যাচের শুরু থেকেই কেরল দলের ছন্দ এবং গতি লাল-হলুদ ডিফেন্সকে নাস্তানাবুদ করে তোলে। একাধিক সুযোগ নষ্ট করেও জয় তুলে নেয় তারা। আনোয়ার আলির ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে গোল করেন জিমেনেজ়। নোয়া সাদাউইয়ের একক প্রচেষ্টায় দ্বিতীয় গোল। ম্যাচজুড়ে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে ছিল না পরিকল্পনার ছাপ, না আক্রমণের ধার।

বিদেশি ফুটবলারদের পারফরম্যান্সও হতাশাজনক। রিচার্ড সেলিস এবং হেক্টর ইয়ুস্তেই একেবারেই ভরসা জাগাতে পারেননি। বিশেষত সেলিসের সহজ বল হারানো ও ভুল সিদ্ধান্তে বার বার ছন্দ হারিয়েছে দল। একমাত্র রাফায়েল বোউলি কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। সাউল ক্রেসপো পরের দিকে নামলেও পুরো ফিট না থাকায় ম্যাচে প্রভাব ফেলতে পারেননি।

অস্কারের কৌশল নিয়েও উঠছে প্রশ্ন। পিভি বিষ্ণুর মতো উইঙ্গারকে সঠিকভাবে ব্যবহার না করা, দেরিতে পরিবর্তন আনা, লালানসাঙ্গাকে ম্যাচের শেষে নামানো — সবই সিদ্ধান্তহীনতার ছবি। এমন পারফরম্যান্সে এশিয়ান প্রতিযোগিতায় ফেরার স্বপ্নও অধরা থাকল।

এই হারের ফলে ইস্টবেঙ্গলের মরসুম শেষ হতাশায়। কলকাতা ডার্বির অভাব শুধু সমর্থকদের নয়, গোটা ভারতীয় ফুটবলকেই নিরাশ করল। সুপার কাপ থেকে বিদায়ের সঙ্গে সঙ্গে আরও একবার প্রশ্ন উঠে গেল— ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কোন পথে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.