একটা স্কুটার, একটা বাস, আর এক বুক স্বপ্ন—এই নিয়েই যাত্রা শুরু। আজ তিনি আইপিএল-খ্যাত স্পিনার বরুণ চক্রবর্তী। কিন্তু এই জায়গায় পৌঁছতে তাঁর পেরোতে হয়েছে উপেক্ষা, বাধা আর সংশয়। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব সাক্ষাৎকারে বরুণ ভাগ করে নিলেন তাঁর অজানা লড়াইয়ের কাহিনি—যেখানে শুরু হয়েছিল নেট বোলার হিসেবে, স্কুটারে ধোনিদের দলের পিছু নিয়ে।
চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবেই আইপিএল-সফরের শুরু বরুণের। প্রথম ডিভিশনের খেলোয়াড় না হওয়ায় সুযোগ পাওয়া কঠিন ছিল। কিন্তু টিএস মোহনের দয়ায় স্টেডিয়ামে নেট বোলিংয়ের সুযোগ পান তিনি। সেখানেই ধোনি, ব্র্যাভো, রায়নাদের মুগ্ধ করেন তাঁর ‘রহস্য স্পিন’-এ। ধোনি নিজে জানতে চান আইপিএলে নাম নথিভুক্ত করানো হয়েছে কি না! তবে বরুণের তখনও সেই যোগ্যতা ছিল না।
পরের বছর পুনে ক্যাম্পে বরুণকে নেয়নি সিএসকে। কিন্তু এখানেই বদল আনে কেকেআর। দীনেশ কার্তিক তাঁকে নেট বোলার হিসেবে ডাকেন, পরে অভিষেক নায়ারের কোচিংয়ে নতুন রূপ পান বরুণ। পঞ্জাব কিংস থেকে কেকেআরে যোগ দেওয়ার পরই খুলে যায় তাঁর ভবিষ্যৎ।
আজ তিনি জাতীয় দলের সদস্য, কেকেআরের নির্ভরযোগ্য স্পিন অস্ত্র। যে ব্র্যাভো একদিন তাঁর বল খেলেছিলেন নেটে, তিনিই এখন তাঁর মেন্টর। বরুণের কাহিনি শুধু পরিশ্রমের নয়, আত্মবিশ্বাস আর সুযোগকে আঁকড়ে ধরার উদাহরণও। যারা স্বপ্ন দেখে, তাদের জন্য এই গল্প অনুপ্রেরণার আলো।







