জলসা শুনতে গিয়ে নিখোঁজ হয়েছিল এক নাবালিকা। একদিনের বেশি নিখোঁজ থাকার পর এলাকারই এক পুকুরে উদ্ধার নাবালিকার মৃতদেহ। পুকুর লাগোয়া মাঠের মধ্যে মিলল রক্তের দাগও। এমনই চাঞ্চল্যকর ঘটনা দেখা গেলো দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। এক নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়।
এমনই অভিযোগ জানায় মৃতার পরিবার এবং প্রতিবেশীরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
জানা যায়, ওই নাবালিকার কাকদ্বীপ বিধানসভার মাধবনগর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর ৯ নম্বর ঘেরি অঞ্চলের বাসিন্দা। রবিবার রাতে ওই অঞ্চলে একটি জলসা হয়। পরিবার সূত্রে খবর, সেই রাতে ওই নাবালিকাও জলসা দেখার জন্য বেরিয়েছিল। কিন্তু রাত হয়ে গেলেও সে আর ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু নাবালিকার সন্ধান পাওয়া যায় না।
অবশেষে সোমবার রাতে এলাকারই একটি মাঠের মধ্যে পুকুরেওই নাবালিকার মৃতদেহ ভাসমান দেখা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পরিবার এবং প্রতিবেশী। এমন কি, মাঠের মধ্যে পাওয়া যায় ওই নাবালিকার গলার লকেট ও মাথার ক্লিপ। মাঠের মধ্যেই মিলল রক্তের দাগও । মৃতদেহ দেখার পরেই উত্তেজনা ছড়ায় ওই অঞ্চলে। ওই নাবালিকার পরিবারের সদস্যদের অভিযোগ, মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়। তারপর মৃতদেহ ওই পুকুরে ফেলে দেওয়া হয়েছে। খবর পৌঁছয় হারউড পয়েন্ট কোস্টাল থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা।







