বর্তমানে মৌসম ভবন যেটাই বলছে বাস্তবে সেটাই ফলে যাচ্ছে। আবহাওয়ার দফতর আগেই জেনেছিল এবছর এপ্রিল থেকে জুন মাসে গরম যাবতীয় পুরনো রেকর্ড ভেঙে দিতে পারে। দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি তাপমাত্রা থাকবে।
আর এই পরিস্থিতিতে গত কয়েক দিনের তীব্র দাবদাহ ও তাপপ্রবাহের চরম গতিতে বাংলা এবার বিশ্বরেকর্ড করে ফেলল।
বাঁকুড়া বিশ্বের সপ্তম উষ্ণতম শহরের স্থান দখল করল। গত ২৪ ঘণ্টার আবহাওয়ার নিরিখে বিশ্বের উষ্ণতম শহরের তালিকায় এই জেলা শহর সপ্তম স্থানে থাকল।
উল্লেখ্য, এলডোরাডো ওয়েদার ওয়েবসাইট বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছে। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাঁকুড়া শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি। তবে শুধু বাঁকুড়ায় নয়, ভারতের বেশ কয়েকটি শহর এই তালিকায় স্থান পেয়েছে।
তবে এই তালিকায় প্রথম দুই স্থানে রয়েছে মায়ানমারের চাউক এবং নিয়াউং। গত ২৪ ঘণ্টায় দুই জায়গাতেই তাপমাত্রা পৌঁছায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়ার মাইনে সোরাও (৪৪.৬ ডিগ্রি)। চতুর্থ স্থানে যোগীরাজ্যের শহর এলাহাবাদ (৪৪.৫ ডিগ্রি)। পঞ্চম স্থানে ভারতেরই বারিপোদা (৪৪. ৫ ডিগ্রি)।
আর বাঁকুড়া ৪৪.১ ডিগ্রি তাপমাত্রা নিয়ে বিশ্বের সপ্তম উষ্ণতম শহর। এছাড়াও চরম আবহাওয়ার কারণে তালিকায় স্থান হয়েছে ভারতের খাজুরাহো (৪৪.৫ ডিগ্রি) এবং জামশেদপুরের (৪৪.১ ডিগ্রি)।
প্রসঙ্গত, গত বছরের তাপমাত্রাকে ছাপিয়ে এবার বাঁকুড়ার তাপমাত্রা রেকর্ড করেছে। গত বছর সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এবছর এপ্রিলেই তাপমাত্রা ৪৪.১ ডিগ্রিতে পৌঁছাল। এখনও ভরা মে মাস বাকি।
এমনকি দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের অন্য এলাকাগুলিও ফুটন্ত গরমে পিছিয়ে নেই। গতকাল ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি। পুরুলিয়ায় ৪৩.১, খড়গপুরে ৪৩, দুর্গাপুরেও ৪৩, আসানসোলে ৪২, কৃষ্ণনগর ৪০ ডিগ্রি।
এদিকে বাংলার তাপপ্রবাহের উর্ধগতি আজও অব্যাহত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিন আরও চলবে গরমের হাঁসফাঁস হাল। প্রচণ্ড তাপপ্রবাহ ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রচণ্ড তাপপ্রবাহ জারি থাকছে।
তবে বাঁকুড়াতে আজ তাপমাত্রা ৪৩.৪ ডিগ্রি, মালদহ ৪২.৮ ডিগ্রি ও শ্রী নিকেতন ৪৩.৪ ডিগ্ৰি। তবে স্বস্তির খবর দিয়ে আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ২৩ ও ২৪ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হবে।







