গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে হওয়া ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। হামলার পরপরই কূটনৈতিক স্তরে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত সরকার। এরই অংশ হিসেবে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নিষিদ্ধ চ্যানেলগুলির মধ্যে রয়েছে ডন নিউজ, জিও নিউজ এবং প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই চ্যানেলগুলি ভারতীয় সেনাবাহিনী ও নাগরিকদের নিয়ে ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যার ফলে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিপন্ন হতে পারে।
ভারতীয় দর্শকরা এখন এই চ্যানেলগুলি দেখতে গেলে ইউটিউবে একটি বার্তা দেখছেন— “জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারের নির্দেশ অনুযায়ী এই চ্যানেলটি এই দেশে উপলব্ধ নয়।”
পাকিস্তানকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে কোণঠাসা করতে ভারত ইতিমধ্যেই একাধিক দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে। যদিও সামরিক পদক্ষেপ নেওয়া হয়নি এখনো, সেনার তিন বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। স্থল, জল ও আকাশপথ— সব ক্ষেত্রেই প্রতিক্রিয়া সম্ভাব্য।
পহেলগাঁও হামলার পর দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। দেশজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠছে। পরিস্থিতি যে কোন সময় আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহল।







