তৃণমূল কংগ্রেসের অন্দরের টানাপোড়েন ফের প্রকাশ্যে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ মহল এবং ভোটকুশলী সংস্থা আই-প্যাককে ঘিরে এবার বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ও।
কল্যাণের অভিযোগ, অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আই-প্যাকের কাছ থেকে সুবিধা নেওয়া অনেকেই এখন দলের নেতৃত্বের বিরুদ্ধে সরব হচ্ছেন। এমনকী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী নেতাদের নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের আনুগত্যের কথা স্পষ্ট করেছেন শ্রীরামপুরের সাংসদ।
অভিষেকের সঙ্গে কল্যাণের সংঘাত অবশ্য নতুন নয়। এর আগেও একাধিক ইস্যুতে প্রকাশ্যে মতবিরোধ দেখা গিয়েছিল দু’জনের মধ্যে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, এবার ফের সরাসরি অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরকে নিশানা করলেন কল্যাণ।
সুমিত রায়ের বিরুদ্ধে শালবনি থানায় দায়ের হওয়া মামলার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, ক্যামাক স্ট্রিটে সংগঠন সংক্রান্ত যোগাযোগ রাখা কর্মীদের পুলিশি চাপের মুখে পড়তে হচ্ছে। তাঁর অভিযোগ, অনেক কর্মীকে নির্দিষ্ট শিবিরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং অন্যথায় সমস্যায় ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দলের সাংগঠনিক ভবিষ্যৎ এবং নেতৃত্বের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। যদিও এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর ঘনিষ্ঠ মহলের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।







