লোকসভা সচিবালয়ের ‘প্রাইড’ কর্মসূচি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে নবনির্বাচিত বিধায়কদের জন্য আয়োজিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির। দুই দিনের এই কর্মশালার মূল লক্ষ্য ছিল সংসদীয় প্রক্রিয়া, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনসভার শিষ্টাচার সম্পর্কে নতুন সদস্যদের সম্যক ধারণা দেওয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অতীতের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তীব্র সমালোচনা করেন। পাশাপাশি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নবীন বিধায়কদের দায়িত্ববোধ ও সংসদীয় আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
প্রশিক্ষণ শিবিরের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একজন জনপ্রতিনিধির জন্য সংসদীয় রীতি ও বিধানসভার কার্যপদ্ধতি ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। বাংলার রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ করেন। তাঁর কথায়, দেশের গণতান্ত্রিক পরিসরে আজ যে স্বাধীনভাবে মত প্রকাশ ও রাজনীতি করার সুযোগ রয়েছে, তার পেছনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এরপর তিনি পূর্ববর্তী বামফ্রন্ট এবং তৃণমূল সরকারের আমলের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, বাম আমলে অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দলীয় কার্যালয় থেকেই নেওয়া হত এবং বিধানসভার গুরুত্ব অনেকটাই কমে গিয়েছিল। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, গত পনেরো বছরেও বিরোধী জনপ্রতিনিধিদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। তাঁর বক্তব্য, বিরোধী দলের বিধায়ক বা সাংসদদের প্রশাসনের বিভিন্ন স্তরে গুরুত্ব দেওয়া হত না, এমনকি থানার আধিকারিকরাও রাজনৈতিক পরিচয়কে বেশি গুরুত্ব দিতেন।
বিরোধী দলনেতা হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে শুভেন্দু জানান, সেই সময়ে তাঁকে কোনও প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া বাজেট অধিবেশন-সহ বিভিন্ন সময়ে তাঁকে পাঁচ বার বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে বর্তমানে ক্ষমতায় এসে সেই রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে সরে আসার চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত দেড় মাসে অনুষ্ঠিত প্রতিটি প্রশাসনিক বৈঠকেই দলমত নির্বিশেষে বিরোধী বিধায়কদের ডাকা হয়েছে এবং তাঁদের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা হয়েছে।
এবারের বিধানসভায় বিপুল সংখ্যক নতুন ও তরুণ বিধায়কের নির্বাচিত হওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি জানান, বর্তমান বিধানসভায় ২৫ থেকে ৫৫ বছর বয়সি মোট ১৯৪ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে ১৮১ জনই প্রথমবারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নতুন সদস্যদের উদ্দেশে ওম বিড়লা বলেন, বিধানসভার অতীতের কার্যবিবরণী, বিতর্ক এবং প্রবীণ আইনপ্রণেতাদের বক্তব্য নিয়মিত অধ্যয়ন করা প্রয়োজন। অভিজ্ঞ সদস্যদের বক্তব্য থেকে শিক্ষা নেওয়া একজন জনপ্রতিনিধির রাজনৈতিক জীবনে বিশেষ সহায়ক হবে বলেও তিনি মত প্রকাশ করেন।
তিনি আরও বলেন, অধিবেশন চলাকালীন যত বেশি সম্ভব সময় বিধানসভায় উপস্থিত থাকা উচিত। নিজের বক্তব্য রাখার সুযোগ না এলেও অন্য সদস্যদের আলোচনা মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন। একইসঙ্গে প্রত্যেক বিধায়কের সবসময় ভাবা উচিত, কীভাবে নিজের বিধানসভা এলাকার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা নেওয়া যায়।
বাংলার ঐতিহাসিক গুরুত্বের প্রসঙ্গ তুলে লোকসভার অধ্যক্ষ বলেন, একসময় এই রাজ্য গোটা দেশকে পথ দেখিয়েছে। তাঁর মতে, বর্তমান সময় বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমগ্র দেশ আবারও এই রাজ্যের দিকে আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সেই প্রত্যাশা পূরণ করে বাংলাকে তার গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে।
বক্তব্যের শেষে জনপ্রতিনিধিদের সাংবিধানিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ওম বিড়লা বলেন, বিধায়কদের প্রধান কর্তব্য হল নিজের এলাকার মানুষের সমস্যা, দাবি ও প্রত্যাশা বিধানসভার মাধ্যমে সরকারের সামনে তুলে ধরা। সরকার সেই বক্তব্য গ্রহণ করুক বা না-ই করুক, জনগণের কণ্ঠস্বর হিসেবে তাঁদের দায়িত্ব পালন করাই একজন বিধায়কের সবচেয়ে বড় কর্তব্য।







