লাহোরের ঐতিহাসিক ঐতিহ্য পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে শহরের একাধিক এলাকা ও রাস্তার পুরনো নাম ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী Maryam Nawaz। তবে কট্টরপন্থী গোষ্ঠী ও কিছু ব্লগারের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে দাঁড়াতে বাধ্য হল প্রশাসন। ফলে বাবরি মসজিদ চক কিংবা জৈন মন্দির রোডের মতো নতুন নামগুলি আপাতত কার্যকর হচ্ছে না।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত Lahore দেশভাগের আগে মূলত হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। সেই সময় শহরের বহু রাস্তা ও এলাকার নামের সঙ্গে হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের যোগ ছিল স্পষ্ট। কিন্তু দেশভাগের পর পাকিস্তান গঠনের পর ধীরে ধীরে সেই নামগুলি পরিবর্তন করা হয়। সম্প্রতি শহরের অতীত ইতিহাসকে তুলে ধরতে উদ্যোগী হন মারিয়ম নওয়াজ। গত মার্চে আয়োজিত এক বৈঠকে তিনি ঐতিহাসিক নাম পুনরুদ্ধারের পক্ষে মত দেন। এরপর ২০ মে লাহোর-সহ পাঞ্জাবের একাধিক জায়গার পুরনো নাম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এই সিদ্ধান্ত সামনে আসতেই পাকিস্তানের বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়। একাধিক মৌলবাদী নেতা ও সোশ্যাল মিডিয়া ব্লগার অভিযোগ তোলেন, সরকার নাকি হিন্দু ও শিখ ঐতিহ্যকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যা পাকিস্তানের নিজস্ব পরিচয়ের বিরুদ্ধে। যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনও বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি, সূত্রের খবর, আপাতত নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
যে নামগুলি বদল করা হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল— ইসলামপুরের নাম কৃষ্ণনগর, সুন্নতনগরের নাম সন্তনগর, মৌলানা জাফর চককে লক্ষ্মী চক, বাবরি মসজিদ চককে জৈন মন্দির চক এবং মুস্তফাবাদকে ধর্মপুরা করা। এছাড়া স্যার আগা খান চককে ডেভিস রোড, আল্লামা ইকবাল রোডকে জেল রোড, ফতিমা জিন্না রোডকে কুইন রোড এবং বাঘ-ই-জিন্না রোডকে লরেন্স রোড নামে চিহ্নিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। তবে আপাতত সেই সব সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করা হয়েছে।







