দেশ

দেশের সুরক্ষায় স্পাইওয়্যার ব্যবহারে আপত্তি নেই, জানাল সুপ্রিম কোর্ট

দেশের নিরাপত্তার স্বার্থে সরকার যদি স্পাইওয়্যার ব্যবহার করে, তাতে কোনও ভুল নেই বলে মঙ্গলবার জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানায়, দেশের সুরক্ষা ও সার্বভৌমত্বের সঙ্গে জড়িত কোনও রিপোর্ট শীর্ষ আদালত জনসমক্ষে আনবে না। তবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে কেউ সন্দেহ পোষণ করলে, তাঁকে নির্দিষ্ট তথ্য দেওয়া হবে।
পেগাসাস মামলার শুনানিতে আইনজীবী দীনেশ দ্বিবেদী প্রশ্ন তোলেন, ভারত সরকারের কাছে পেগাসাস ছিল কিনা এবং তারা সেই ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করছিল কিনা। সরকার যদি স্পাইওয়্যার কিনে থাকে, তবে এখনও তা ব্যবহার করা থেকে বিরত থাকার কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেও তিনি সওয়াল করেন।
এই প্রসঙ্গে বিচারপতি কান্ত আইনজীবীকে থামিয়ে দিয়ে বলেন, “দেশ যদি স্পাইওয়্যার ব্যবহার করে, তাতে কী ভুল আছে? স্পাইওয়্যার থাকাটা ভুল নয়। কার বিরুদ্ধে সেটি ব্যবহার করা হচ্ছে, সেটাই আসল প্রশ্ন। আমরা দেশের সুরক্ষার সঙ্গে কোনও আপস করতে পারি না।”
সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “জঙ্গিরা ব্যক্তিগত গোপনীয়তার অধিকার দাবি করতে পারে না।” এরপর সুপ্রিম কোর্ট আশ্বাস দেয়, সংবিধানের আওতায় সকলের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সুরক্ষিত করা হবে।
শীর্ষ আদালত আরও জানায়, দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনও রিপোর্টে তারা হস্তক্ষেপ করবে না। তবে নজরদারির তালিকায় ব্যক্তিগতভাবে কারোর নাম আছে কিনা, তা জানানো যেতে পারে। টেকনিক্যাল কমিটির রিপোর্টের কত অংশ প্রকাশ করা হবে, তা বিবেচনা করবে সুপ্রিম কোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.