কয়েক দিন আগেই মা তারার মন্দিরে পুজো দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি আশ্বাস দিয়েছিলেন, এ বছর রাজকীয় আয়োজনে পালিত হবে কৌশিকী অমাবস্যা। সেই মতো উৎসবের জন্য অতিরিক্ত পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এবার কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হল রুট ম্যাপও। পাশাপাশি ভক্তদের জন্য অনলাইনে টিকিট কাটার ব্যবস্থাও চালু করা হয়েছে।
এর আগে তারকেশ্বরে জলযাত্রীদের উদ্দেশে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী। জলযাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রেও একাধিক ব্যবস্থা নিয়েছিল তাঁর সরকার। এবার একই ধরনের বড় উদ্যোগ দেখা যাবে তারাপীঠের কৌশিকী অমাবস্যাতেও।
চলতি বছর ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা শুরু হবে রাত ১টা ১ মিনিটে। তা শেষ হবে পরের দিন, অর্থাৎ ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এ বছরই প্রথম তারাপীঠে ভক্তদের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কৌশিকী অমাবস্যাকে ঘিরে নিরাপত্তাতেও কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। ভক্তদের জন্য থাকবে ৮টি সেবাশিবির। নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হবে প্রায় ৪ হাজার পুলিশকর্মী। এছাড়াও থাকবে ২৭টি পুলিশ সহায়তা কেন্দ্র এবং ১১টি ওয়াচ টাওয়ার। গোটা তারাপীঠ এলাকা ৪০০-র বেশি CCTV ক্যামেরায় নজরবন্দি করা হবে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলার জন্য ২৫ জনের একটি দলও প্রস্তুত থাকবে।
আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে প্রশাসন ও মন্দির কমিটির বৈঠকের পরই একাধিক নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে ৫০০ জন ভক্তের জন্য অনলাইনে VIP টিকিট বুকিংয়ের সুযোগ রাখা হয়েছে। পরবর্তীতে ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে টাইম স্লট বুকিংয়ের ব্যবস্থাও চালু করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।







