দিল্লিতে সম্ভাব্য ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা নস্যাৎ করল এক যৌথ পুলিশ অভিযান। মুম্বই থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড। ধৃতদের নাম মোসাব আহদাম ওরফে কালাম কল্যাণ এবং মহম্মদ হামাদ কল্লারা—দু’জনেই মুম্বইয়ের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, দু’জনই বিভিন্ন চরমপন্থী সংগঠনের প্রভাবে পড়েছিল। তাদের সঙ্গে জইশ-ই-মহম্মদ, আইএসআইএস, ‘মিশন খিলাফত’ এবং ‘সোলজার্স অফ প্রফেট’-সহ একাধিক অনলাইন র্যাডিক্যাল নেটওয়ার্কের যোগসূত্রের সন্দেহ রয়েছে। তদন্তকারীদের দাবি, অনলাইন হ্যান্ডলারদের মাধ্যমে তাদেরকে ব্রেনওয়াশ করা হয়েছিল। ধৃতরা নিয়মিত যোগাযোগে ছিল আবু হুফেজা নামের এক হ্যান্ডলারের সঙ্গে, যিনি জইশের নিয়োগ-চক্রের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতরা আইইডি তৈরির কৌশল রপ্ত করছিল এবং একটি খেলনা গাড়ির ভেতরে বিস্ফোরক লুকিয়ে দিল্লিতে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। এই পদ্ধতি নিরাপত্তা ব্যূহকে ফাঁকি দিতে পারে বলে আশঙ্কা করেছিলেন গোয়েন্দারা।
তদন্তের আওতায় এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য—মুম্বইয়ের ৪-৫ জন নাবালকও আইএসআইএস প্রচারে প্রভাবিত হতে পারে বলে সন্দেহ। তাদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
বর্তমানে দুই ধৃতকে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ চলছে। পুরো নেটওয়ার্ক, অর্থের উৎস এবং সম্ভাব্য টার্গেট চিহ্নিত করাই পুলিশের এখন প্রধান লক্ষ্য।
পুলিশ সূত্র: “এটি একটি সর্বভারতীয় জঙ্গি মডিউলের অংশ হতে পারে। তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোচ্ছে।”
চলমান তদন্তে আরও বড় কোনও নেটওয়ার্ক বেরিয়ে আসে কিনা, এখন সেদিকেই নজর।







