উত্তরপ্রদেশের বুদাউনে ঘটল মর্মান্তিক এক দুর্ঘটনা। বিয়ের আগেরদিন গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দে মেতে ছিলেন ২২ বছরের পাত্রী দিক্ষা। আত্মীয়-পরিজনের সঙ্গে নাচতে নাচতে হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়ে যান তিনি।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ শাড়ি পরে নাচছিলেন দিক্ষা। আচমকা শরীর খারাপ অনুভব করে তিনি বাথরুমে যান। তখন তাঁর বুকে ব্যথা হচ্ছিল বলে জানান পরিবারের সদস্যরা। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দিক্ষার মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট। তবে পরিবারের পক্ষ থেকে দেহের ময়নাতদন্তে অনুমতি দেওয়া হয়নি। জানা গেছে, সোমবার ছিল দিক্ষার বিয়ে। রবিবারেই বরযাত্রীরা মোরাদাবাদ থেকে রওনা দিয়েছিলেন পাত্রীপক্ষের বাড়ির উদ্দেশে। মাঝপথেই তাঁরা দিক্ষার মৃত্যুসংবাদ পান। বিয়ের আনন্দ নিমেষে পরিণত হয় গভীর শোকে।







