চমকের পর চমক ভারতীয় ফুটবলে। ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার খবরের পর এবার আরও এক বিশ্বকাপ খেলা দেশের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত। পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচের দিনক্ষণও নিশ্চিত করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। তার আগে ২৬ সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে ফিফা স্বীকৃত একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্লু টাইগার্সরা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে রয়েছে পানামা। বিশ্বকাপের মঞ্চেও খেলেছে তারা। ফলে ব্রাজিল ম্যাচের আগে পানামার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা ভারতের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পানামার ফুটবল ফেডারেশনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও ম্যাচের তারিখ প্রকাশ করা হয়েছে। তবে ম্যাচটি ভারতের কোন স্টেডিয়ামে হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি এআইএফএফ।
পানামার বিরুদ্ধে ম্যাচ আয়োজনের জন্য ইতিমধ্যেই সে দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে ‘লেটার অফ ইনটেন্ট’ স্বাক্ষর করেছে এআইএফএফ। পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দের বিরুদ্ধেও ভারতের খেলার সম্ভাবনা রয়েছে। নভেম্বরে নিউজিল্যান্ড সফরও রয়েছে ভারতীয় দলের। ফলে আগামী কয়েক মাসে একের পর এক বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পাচ্ছেন সন্দেশ জিংঘান, আনোয়ার আলিরা।
এআইএফএফের এক শীর্ষকর্তার কথায়, ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। পানামাও ভারতে এসে খেলার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে। পাশাপাশি সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোয় আরও একটি প্রীতি ম্যাচ খেলতে ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া তিনটি দেশের সঙ্গে আলোচনা চলছে।
পানামার পাশাপাশি আরও তিন বিশ্বকাপ দলের সঙ্গে আলোচনা সফল হলে সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোটি ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা যেমন বাড়বে, তেমনই ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতিরও সুযোগ তৈরি হবে।






