সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধি: চা দিতে দেরী, আর তাতেই রাগে বুকে এলোপাথাড়ি ছুরি মারে মদ্যপ যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। যার জেরেই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা যায়।
আজ রবিবার ছুটির দিনে, নিত্যদিনের মতো নিজের চা দোকান খুলে বসে দোকানদার কুশধ্বজ সামন্ত। এলাকারই যুবক শ্রীমন্ত পাল রাত প্রায় ৯টা নাগাদ দোকানে এসে চায়ের কথা বলে। আগের বাকী থাকায় প্রথমে দোকানদার দিতে অস্বীকার করে। পরবর্তী সময়ে দোকানদার চা দেওয়ার প্রস্তুতি নিলেও, কেন দেরী হচ্ছে সেই নিয়ে প্রথমে বচসা করতে থাকে। বচসার মাঝেই পকেট থেকে ছুরি বের করে এলোপাথাড়ি দোকানদারের বুকে বিদ্ধ করে অভিযুক্ত ব্যাক্তি। ঘটনাস্থলে স্থানীয় মানুষ সহ অন্যান্য দোকানদাররা তৎক্ষনাৎ কোলাঘাট ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে আক্রান্তকে। প্রত্যক্ষদর্শী ও মৃত দোকানদার কুশধ্বজ সামন্তর স্ত্রীর বয়ান অনুসারে জানা যায় অভিযুক্ত শ্রীমন্ত পাল মদ্যপ অবস্থায় ছিলো। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় বর্তমানে যথেষ্ট ক্ষোভ দেখা যায়। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁচেছে বিশাল পুলিশ বাহিনী।






