নতুন মরসুম মানেই নতুন আশা। পুরনো ভুলের খেসারত দিতে হয়েছে চরমভাবে—সেটা ভালোমতো উপলব্ধি করেছে ইস্টবেঙ্গল শিবির। রক্ষণভাগে দুর্বলতা, উইং ব্যাকে ধারাবাহিকতার অভাব—সব মিলিয়ে লাল-হলুদের হারই ছিল নিয়তি। তবে এবার আর অতীত নয়, সামনে তাকাতে চায় অস্কারের ইস্টবেঙ্গল। তাই আসন্ন মরসুমকে সামনে রেখে দলগঠনে কোমর বেঁধে নেমে পড়েছে তারা।
প্রথম বড় নামটি উঠে এসেছে পাঞ্জাব এফসি’র প্রতিভাবান উইং ব্যাক অভিষেক সিং। সুপার কাপে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ লাল-হলুদের থাংবোই সিংটো নিজেই কোচ অস্কারের কাছে তাঁর নাম প্রস্তাব করেছেন। গত মরসুমে ডান দিক সামলাতে যে সমস্যার মুখে পড়েছিল দল, সেখানে অভিষেকের আগমন হতে পারে একটি কার্যকরী সমাধান।
দ্বিতীয় ফুটবলার যিনি ইস্টবেঙ্গলের রাডারে, তিনি কলকাতারই আরেক জনপ্রিয় ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের ভানলাল জুইডিকা। মিজোরামের এই তরুণ গত আইএসএল মরসুমে অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন ২২টি ম্যাচে। ফুলব্যাক পজিশনে তাঁর গতি, দৃষ্টিভঙ্গি ও রক্ষণাত্মক দৃঢ়তা নজর কেড়েছে লাল-হলুদ স্কাউটদের।
তৃতীয় চমক মনিপুরের উইং ব্যাক ল্যামগোলেন গৌ হ্যাংশিং। চার্চিল ব্রাদার্সের হয়ে ৩টি গোল ও একটি অ্যাসিস্ট করে নিজেকে প্রমাণ করেছেন। ইস্টবেঙ্গল মনে করছে, তাঁর গতিময় ফুটবল ও আক্রমণাত্মক মেজাজ তাদের স্ট্র্যাটেজি।







