পাকিস্তানের লাগাতার ড্রোন হামলার জবাবে শেষরাতে পাল্টা প্রতিঘাত করল ভারত। একাধিক পাক সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। রাওয়ালপিন্ডির নুর খান ঘাঁটি, পাঞ্জাবের শোরকোট এলাকার রফিকি বিমানঘাঁটি এবং মুরিদ ঘাঁটি থেকে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগেই শুক্রবার রাত নামতেই জম্মু থেকে গুজরাট পর্যন্ত ২৬টি স্থানে ড্রোন হামলা চালায় পাকিস্তান। ভারতীয় এয়ার ডিফেন্স বেশিরভাগ ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও পাঞ্জাবের ফিরোজপুরে তিনজন আহত হন। এই ঘটনার পর রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জরুরি বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে।
বৈঠকের কিছুক্ষণ পরই পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম এবং সেনা সূত্র জানায়, তিনটি বিমানঘাঁটিতে ভারতের তরফে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও পাকিস্তান দাবি করেছে, এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি ইসলামাবাদে সেনার সদর দপ্তরের সামনেও ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া যায়।
ঘটনার পরপরই পাকিস্তান তড়িঘড়ি আকাশসীমা বন্ধ ঘোষণা করে। সন্ধ্যা পর্যন্ত যেখানে আকাশে বিমান চলাচল স্বাভাবিক ছিল, সেখানে রাত থেকেই রাডারে আর কোনও বিমান উড়তে দেখা যায়নি। দুই দেশের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে পাকিস্তান জানিয়েছে, পরদিন দুপুর পর্যন্ত সমস্ত বেসামরিক বিমান চলাচল বন্ধ থাকবে।
উত্তেজনা ক্রমেই বাড়ছে—চোখ এখন আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে।







