খেলাধুলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারতে! আইসিসিকে প্রস্তাব পাঠাতে চলেছে বিসিসিআই

টেস্ট ক্রিকেটের ঐতিহ্যবাহী মঞ্চে নতুন মোড় নিতে চলেছে ভারত। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনে আগ্রহ দেখিয়েছে বিসিসিআই। বোর্ডের পরিকল্পনা, ২০২৭ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনাল ম্যাচ ভারতে আয়োজন করা হোক। এই বিষয়ে তারা খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই প্রস্তাব ইতিমধ্যেই আলোচনার পর্যায়ে রয়েছে।

উল্লেখযোগ্য, আগের দু’টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই হয়েছে ইংল্যান্ডে। আইসিসির সঙ্গে সেখানকার বোর্ডের একচেটিয়া চুক্তির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ, যিনি নিজে ভারতীয় ক্রিকেট প্রশাসনের মুখ। ফলে বিসিসিআই-এর আবেদন বিশেষ গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে ক্রিকেট মহলে।

সম্প্রতি আইসিসির মুখ্য কমিটির বৈঠকে বিসিসিআই প্রতিনিধি এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল বিষয়টি উত্থাপন করেন। তাঁর যুক্তি, ভারত যদি ফাইনালে পৌঁছয়, তাহলে দেশের সমর্থকদের সামনে এক ঐতিহাসিক অভিজ্ঞতা থাকবে। আর ভারত না-ও উঠলেও বিশ্বের দুই সেরা দলের ম্যাচ দেখতে উপচে পড়বে গ্যালারি— এমনটাই আশাবাদী তিনি।

তবে সম্ভাব্য একটি স্পর্শকাতর পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। যদি ভারত-পাকিস্তান ফাইনালে পৌঁছে যায়, তখন নিরাপত্তা ও রাজনৈতিক প্রেক্ষাপটে চ্যালেঞ্জ তৈরি হতে পারে। আইসিসির এক কর্তা জানিয়েছেন, “যদি এমন কিছু হয়, তখন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সব মিলিয়ে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটের মর্যাদাকর আসর দেখার জন্য প্রস্তুত থাকতেই পারেন ক্রিকেট অনুরাগীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.