খেলাধুলা

কোয়েটাগামী ফুটবল দলের বাসে সশস্ত্র ডাকাতি, লুট মোবাইল-টাকা! আতঙ্ক বেলুচিস্তানে

পাকিস্তানের বেলুচিস্তানে কোয়েটাগামী একটি ফুটবল দলের বাসে সশস্ত্র ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সন্ধ্যায় মাস্তুঙ ও সারিয়াবের মধ্যবর্তী এলাকায় করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্ট ফুটবল টিমের বাস আটকে এই লুটপাট চালানো হয় বলে জানা গিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্ট ফুটবল দলটি চিফ মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টে অংশ নিতে কোয়েটার উদ্দেশে রওনা হয়েছিল। পথে প্রায় এক ডজন সশস্ত্র ব্যক্তি তাদের বাস থামিয়ে দেয়। এরপর খেলোয়াড়-সহ বাসের সমস্ত যাত্রীকে নামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযোগ, যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।
দলের ম্যানেজার জুলফিকার আলি ভুট্টোর দাবি, লুটপাটের সময় কয়েকজন যাত্রীকে মারধরও করা হয়। কয়েকজনকে অস্ত্রের বাঁট দিয়ে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনার পর কোনওমতে কোয়েটায় পৌঁছয় দলটি। তবে খেলোয়াড়দের হাতে কার্যত কোনও টাকা ছিল না। পরে বিষয়টি বেলুচিস্তানের ক্রীড়ামন্ত্রীকে জানানো হলে দলের সদস্যদের দৈনিক ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়।
ঘটনার পর সামনে এসেছে নিরাপত্তা নিয়ে আরও বড় প্রশ্ন। সিন্ধ ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব মহম্মদ আজম জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণেই দলগুলিকে সড়কপথে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছিল। এমনকি পাঞ্জাব ও খাইবার পাখতুনওয়া ফুটবল অ্যাসোসিয়েশনও এই টুর্নামেন্টে দল পাঠায়নি বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর বেলুচিস্তানে ক্রীড়াবিদদের নিরাপত্তা এবং বড় ক্রীড়া প্রতিযোগিতায় যাতায়াতের ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.