নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যাঁদের সমাজ সচেতন ছবিগুলি দর্শক হৃদয়ে দাগ কেটে গেছে, তাঁদের নতুন ছবি “আমার বস” প্রবীণ প্রজন্মের জীবন এবং সম্পর্কের সমীকরণ নিয়ে এক আন্তরিক অথচ কোথাও যেন কিছুটা এলোমেলো গল্প বলেছে। সময়ের সঙ্গে সঙ্গে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, শহুরে জীবনে বাড়ছে ব্যস্ততা, এই পরিস্থিতিতে অনেক সময়ই অবহেলিত থেকে যায় প্রবীণরা। এই বাস্তবতাকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছে “আমার বস”।
ছবির নামকরণ সার্থক। “আমার বস” একদিকে যেমন এক বয়স্কা মায়ের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার গল্প বলে, তেমনই দেখায় একজন মানুষ হিসাবে নিজের উদ্দেশ্য খুঁজে নেওয়ার আকুতি। স্নেহ এবং নীরব বিদ্রোহের এক মিষ্টি দ্বৈরথ যেন ছবির মূল সুর বেঁধে দেয়।
গল্পের শুরু বিধবা, অবসরপ্রাপ্ত নার্স শুভ্রাকে (রাখী গুলজার) দিয়ে। হাতে অফুরন্ত সময়, অথচ যেন কিছুই করার নেই। ছেলে অনিমেষ (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) নিজের প্রকাশনার কাজে এতটাই ব্যস্ত যে মায়ের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তাঁকে যথেষ্ট সময় দিতে পারে না। একাকীত্ব ঘোচাতে এবং নতুন করে বাঁচার ইচ্ছে নিয়ে শুভ্রা ছেলের অফিসে ইন্টার্নশিপ শুরু করে। তবে দ্বিতীয়ার্ধে গল্পের গতি কিছুটা কমে আসে। সাবিত্রী চট্টোপাধ্যায়ের কমিক রিলিফ কোথাও কোথাও উজ্জ্বলতা ছড়ালেও, তা যেন কিছুটা দীর্ঘ মনে হয়। কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দ্রুত ঘটে যাওয়ায় কিছু চরিত্রের বিকাশ অসম্পূর্ণ থেকে যায়।
তবে এই ছবির প্রধান সম্পদ অবশ্যই রাখী গুলজারের প্রত্যাবর্তন। পর্দায় তাঁর উপস্থিতি অনবদ্য, তাঁর নীরব অভিব্যক্তিও গভীর অর্থ বহন করে। শিবপ্রসাদের সঙ্গে তাঁর দৃশ্যগুলি, যেখানে চাপা উত্তেজনা এবং পারস্পরিক সম্মান বিদ্যমান, ছবির অন্যতম সেরা অংশ।
“আমার বস” রায়-মুখোপাধ্যায়ের অন্যান্য ছবির মতোই একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দেয়।
এই ছবি প্রশ্ন তোলে বার্ধক্যে প্রাসঙ্গিকতার অর্থ কী? ছবিটি মনে করায়, অবসর জীবনের শেষ নয়, বরং এক নতুন শুরু হতে পারে। তবে কোথাও যেন অনেকগুলো গল্প একই ফ্রেমের মধ্যে বলতে চাওয়ার চেষ্টা ছবিটিকে কিছুটা ধীর করে তোলে।
কিছু দুর্বলতা থাকা সত্ত্বেও “আমার বস” দর্শকের মনে দাগ কাটে। এটি একটি সময়োপযোগী বার্তা দেয়। উইকএন্ডে পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা ভালো সময় কাটানোর জন্য প্রেক্ষাগৃহে গিয়ে একবার অন্তত দেখাই যায়।
রেটিং: ৩.৫/৫







