কলকাতা

যুদ্ধ নয়, শান্তি চাই: বিশ্ব শান্তির আহ্বানে বুদ্ধ ভিক্ষুরা

যুদ্ধ ও হিংসা কখনোই কোনও সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না—এই বার্তা নিয়েই বুদ্ধ জয়ন্তি উপলক্ষে দেশ-বিদেশের বুদ্ধ ভিক্ষুরা কলকাতায় জড়ো হলেন। গৌতম বুদ্ধের আদর্শ ও শান্তির বানীকে সামনে রেখে রবিবার মেয়ো রোডে পালিত হল ২৫৬৯তম ইন্টারন্যাশনাল বিসাখ ডে। এই অনুষ্ঠান আয়োজন করে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন।

অনুষ্ঠানে বিশ্ব শান্তির উদ্দেশ্যে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন ভারতের বিভিন্ন রাজ্য এবং থাইল্যান্ড, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল সহ একাধিক দেশের বুদ্ধ সন্ন্যাসীরা। আলোচনা সভায় তাঁরা জানান, আজকের অশান্ত বিশ্বে শুধুমাত্র গৌতম বুদ্ধের অহিংসার পথেই ফিরে আসতে পারে মানবতার আলো।

পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডঃ বুদ্ধপ্রিয় মহাথেরো জানান, “বুদ্ধ জয়ন্তি উপলক্ষে আমরা দু’দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। রবিবার বিশ্ব শান্তির বার্তা নিয়ে আলোচনা হয়েছে, আর সোমবার মূল অনুষ্ঠান।”

ভিক্ষুরা একসুরে বলেন, যুদ্ধ নয়, প্রয়োজন মানবিক মূল্যবোধের উন্মেষ। সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে গৌতম বুদ্ধের শিক্ষা—অহিংসা, সহানুভূতি এবং সংযম—মানুষের প্রতিদিনের জীবনে বাস্তবায়ন করতে হবে।

বিশ্বজুড়ে যুদ্ধ ও হানাহানির প্রেক্ষাপটে এমন উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী। বুদ্ধ ভিক্ষুরা আশাবাদী, এই শান্তির বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে সমাজে একদিন সত্যিই স্থিত হবে দীর্ঘস্থায়ী শান্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.