নদীয়ার হাঁসখালি থানার পুলিশ আজ সকালে বিশেষ অভিযানে ৪ বাংলাদেশি নাগরিক এবং ১ ভারতীয় দালালকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং এরপর ভারতীয় দালালের সহায়তায় বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা করছিল।
ধৃত বাংলাদেশিরা প্রায় এক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং উত্তর ২৪ পরগনা হয়ে চেন্নাই ও ব্যাঙ্গালুরু এলাকায় চলে যায়। তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য দালালের সহায়তা নেয়ার পরিকল্পনা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ পন্ডিতপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
ধৃত চার বাংলাদেশি হলেন, মোঃ শাকিল শেখ (ফেনি), তুলি বেগম (বরিশাল), শিউলি বেগম (খুলনা), এবং সুমন মিয়া (খুলনা)। তাদেরকে আজ রানাঘাট আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। অপরদিকে, গ্রেফতার ভারতীয় দালাল শুভঙ্কর দলপতি উত্তর চব্বিশ পরগনার জয়নাতীপুর এলাকার বাসিন্দা।
এই ঘটনায় অবৈধ অভিবাসন ও দালালচক্রের বিরুদ্ধে পুলিশের সক্রিয় অভিযান অব্যাহত রয়েছে।







