মাত্র ১৪ বছর বয়সে গোটা বিশ্বের নজর কেড়ে নিল অন্ধ্রপ্রদেশের অনন্তপুর গ্রামের কিশোর সিদ্ধার্থ নন্দয়াল। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এক বিপ্লবী অ্যাপ তৈরি করে সে দেখিয়ে দিল প্রযুক্তির শক্তি বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়। ‘সার্কাডিয়ান এআই (Circadian AI)’ নামের এই অ্যাপটি মাত্র ৭ সেকেন্ডে হৃদরোগের সম্ভাব্য লক্ষণ শনাক্ত করতে পারে, তাও ৯৬ শতাংশ নির্ভুলতায়। স্মার্টফোনের মাধ্যমে হৃদস্পন্দন শুনে এই অ্যাপ হৃদরোগের উপস্থিতি বা ঝুঁকি বিশ্লেষণ করতে পারে। আমেরিকায় ইতিমধ্যেই ১৫ হাজার ও ভারতে ৭০০ রোগীর উপর এই অ্যাপের কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে, এবং ফলাফল অত্যন্ত আশানুরূপ।
সিদ্ধার্থ বর্তমানে থাকেন আমেরিকায়, যদিও তাঁর শিকড় অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে। তাঁর বাবা মহেশ ২০১০ সালে আমেরিকায় চলে যান। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি গভীর অনুরাগ ছিল সিদ্ধার্থের। আজ সে শুধুমাত্র একজন উদ্ভাবক নয়, ‘স্টেম আইটি’ (STEM IT) নামের একটি আন্তর্জাতিক শিক্ষামূলক সংস্থার সিইও। এই সংস্থা সারা বিশ্বজুড়ে ছাত্রছাত্রীদের কোডিং, রোবোটিক্স এবং এআই-এর প্রশিক্ষণ দেয়। তবে শুধু অ্যাপ বানিয়েই থেমে থাকেনি সিদ্ধার্থ। তার লক্ষ্য, বিশ্বজুড়ে শিশু ও কিশোরদের মধ্যে প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটানো। বন্ধুদের সবসময় নতুন কিছু শেখার জন্য উৎসাহ দেয় সে, এবং চায় তারা যেন ভবিষ্যতের প্রযুক্তিগত বিপ্লবে নেতৃত্ব দিতে পারে।
বর্তমানে হৃদরোগ গোটা বিশ্বে অন্যতম প্রধান মৃত্যুর কারণ। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর প্রায় ৩২ শতাংশ মৃত্যু হয় হৃদরোগের ফলে। এই পরিস্থিতিতে সিদ্ধার্থের অ্যাপ ভবিষ্যতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম বলে মনে করছেন চিকিৎসা ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। সিদ্ধার্থের এই অর্জন প্রমাণ করে দেয় প্রতিভা কখনও বয়স দেখে আসে না। মাত্র ১৪ বছর বয়সে এমন একটি উদ্ভাবন শুধু ভারত নয়, সারা বিশ্বের তরুণদের অনুপ্রাণিত করবে বলেই আশা করা হচ্ছে। প্রযুক্তি ও মানবকল্যাণের এই সংমিশ্রণ যে কতটা কার্যকরী হতে পারে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন সিদ্ধার্থ নন্দয়াল।







