দেশ

ফরিদাবাদে চাঞ্চল্যকর ঘটনা: পারিবারিক কলহে চার সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন পিতা

পারিবারিক কলহ থেকে উদ্ভূত এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল হরিয়ানার ফরিদাবাদ। স্ত্রীর সঙ্গে চলতে থাকা দীর্ঘদিনের অশান্তির জেরে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এক ব্যক্তি। নিজের চার নাবালক সন্তানকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন রেললাইনে দাঁড়িয়ে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল পাঁচজনেরই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিট নাগাদ। মৃত ব্যক্তির নাম মনোজ মাহাত (৪৫), যিনি আদতে বিহারের বাসিন্দা। তিনি ফরিদাবাদে পরিবার নিয়ে বসবাস করতেন। প্রতিবেশীদের মতে, স্ত্রীর সঙ্গে মনোজের প্রায়ই বিবাদ হতো, যা ক্রমেই বিষাক্ত রূপ নিচ্ছিল।

সেদিন সকালেও এক দফা ঝগড়া হয় মনোজ ও তাঁর স্ত্রী প্রিয়ার মধ্যে। এরপরই মনোজ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তাঁর চার ছেলেকে নিয়ে। বাইরে বেড়াতে যাওয়ার কথা বলে তাঁদের সঙ্গে নেন, রাস্তায় কিনে দেন চিপস ও কোমল পানীয়। শিশুদের বয়স যথাক্রমে ১০, ৯, ৫ ও ৩ বছর। প্রথমে একটি ফ্লাইওভারের নীচে প্রায় এক ঘণ্টা সময় কাটান মনোজ। এরপর ধীরে ধীরে রেললাইনের দিকে এগোন। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেন আসতে দেখেও রেললাইনের ওপর দাঁড়িয়ে পড়েন তিনি। দুই সন্তানকে কাঁধে তুলে এবং বাকি দু’জনের হাত শক্ত করে ধরে রাখেন।

ট্রেন আসার মুহূর্তে শিশুরা ভয়ে চিৎকার করে এবং হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু মনোজ কাউকে যেতে দেননি। গোল্ডেন টেম্পল এক্সপ্রেস দুরন্ত গতিতে এসে সবাইকে চাপা দেয়। মুহূর্তেই মৃত্যু হয় মনোজ ও তাঁর চার সন্তানের। স্থানীয়রা হতবাক হয়ে ঘটনাটি দেখতে থাকেন এবং দ্রুত পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে মনোজের পকেটে পাওয়া যায় একটি চিরকুট, যেখানে স্ত্রীর নাম প্রিয়া লেখা ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীর উপর পরকীয়ার সন্দেহ থেকেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন মনোজ।

পুলিশ মনোজের স্ত্রী প্রিয়াকে ঘটনাস্থলে নিয়ে আসে। স্বামী ও সন্তানদের করুণ পরিণতি দেখে তিনি মূর্ছা যান। পরে জ্ঞান ফিরলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। এই হৃদয়বিদারক ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, একজন পিতা কীভাবে নিজের চারটি নিষ্পাপ সন্তানের জীবন এমন নিষ্ঠুরভাবে কেড়ে নিতে পারেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.