পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক শিক্ষক সামসের আলম খানকে ভারত-বিরোধী মন্তব্যের অভিযোগে আটক করল পুলিশ। জানা গিয়েছে, সামসেরবাবু শুধুমাত্র শিক্ষকই নন, পেশায় তিনি একজন গ্রামীণ চিকিৎসকও।
সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযানে ভারতীয় সেনার সফলতা নিয়ে যখন দেশজুড়ে চরম উত্তেজনা ও গর্বের আবহ, ঠিক তখনই সামসের আলম তার সোশ্যাল মিডিয়ায় “পাকিস্তান জিন্দাবাদ” ও “ভারত শেষ হয়ে যাবে” এমন উস্কানিমূলক ও বিতর্কিত মন্তব্য পোস্ট করেন। তার এই পোস্ট ঘিরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা।
বাসুদেবপুরের বাসিন্দা সচিন সিনহা এগরা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তাঁর অভিযোগ, “যখন সমগ্র দেশ সেনার পাশে দাঁড়িয়ে, তখন একজন শিক্ষক হয়ে এহেন দেশ-বিরোধী মন্তব্য দুর্ভাগ্যজনক ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।” অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রবিবার দুপুর আড়াইটে নাগাদ এগরা থানার পুলিশ অভিযুক্ত শিক্ষকের বাড়িতে পৌঁছে তাঁকে আটক করে।
বর্তমানে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর অন্যান্য পোস্ট ও যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষক সমাজ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত সবাই উদ্বিগ্ন এই ঘটনায়। তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা।







