দেশ

শিস বাজিয়ে দেশপ্রেমের সুর—ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানালেন শান্তিপুরের অসীম মহলদার

নদীয়ার শান্তিপুরের ফুলিয়া জীবনানন্দ কলোনির বাসিন্দা ৪৫ বছর বয়সী অসীম মহলদার ভারত মায়ের সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এক অভিনব পথ বেছে নিয়েছেন—শিস বাজিয়ে দেশাত্মবোধক গান গাওয়া। বর্তমান ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে যখন দেশজুড়ে উত্তেজনা ও উদ্বেগ, তখন অসীমবাবুর এই উদ্যোগ মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করেছে।

ছোটবেলায় একবার রাস্তায় শিস দেওয়ার অপরাধে এলাকার এক প্রবীণ ব্যক্তি তাকে কান ধরে উঠবস করান। সেই ঘটনা থেকেই শিস দেওয়া নিয়ে তার কৌতূহল জন্মায়। পরে শিস বাজিয়ে গান গাওয়ার এক অদ্ভুত আগ্রহ তৈরি হয় মনে। বছরের পর বছর ধরে তিনি নিজেকে প্রস্তুত করেছেন। আজ তিনি নিজের শিসের মাধ্যমে গেয়ে চলেছেন একের পর এক দেশাত্মবোধক গান। তার মতে, সেই প্রবীণ ব্যক্তি যদি সেদিন তাকে শাস্তি না দিতেন, তাহলে হয়তো তার এই শিল্প জন্ম নিত না। তাই আজও তিনি সেই ব্যক্তিকে ‘গুরুদেব’ মনে করেন।

ভারতীয় সেনার বীরত্ব ও আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে অসীমবাবু সম্প্রতি এক দেশাত্মবোধক সুরে শিস দিয়ে সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন এবং শিসের মাধ্যমে গান গেয়ে মানুষের মন জয় করেন। তার এই প্রতিভা সরকার যদি স্বীকৃতি দেয়, তাহলে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও পৌঁছতে পারেন বলে আশাবাদী তিনি।

এই ব্যতিক্রমী প্রচেষ্টার মাধ্যমে অসীম মহলদার দেখিয়ে দিলেন, দেশপ্রেম প্রকাশের কোনো বাঁধাধরা পন্থা নেই—শ্রদ্ধা যদি অন্তর থেকে আসে, তা পৌঁছায় সকলের হৃদয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.