বসিরহাট: সামাজিক মাধ্যমে দেশবিরোধী ও বিতর্কিত পোস্ট করার অভিযোগে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাইফুদ্দিন আহমেদ। অভিযোগ, নিজের সামাজিক মাধ্যমের প্রোফাইলে একাধিক বিতর্কিত ছবি এবং মন্তব্য পোস্ট করেন তিনি, যা দেশদ্রোহী মানসিকতাকে উস্কে দেয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুদ্দিনের পোস্টগুলি সম্প্রতি ভাইরাল হলে বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। এরপরই তারা বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে বসিরহাট জেলা পুলিশের আধিকারিকরা অভিযুক্তকে গ্রেফতার করেন। মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে।
অভিযোগকারীদের দাবি, ভারত-পাকিস্তান সীমান্তে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং গোটা দেশ উত্তপ্ত, সেই সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে ও বিতর্কিত ভঙ্গিতে পোস্ট করে উত্তেজনা সৃষ্টি করেন সাইফুদ্দিন। এছাড়াও, আরও একাধিক পোস্টে ভারতবিরোধী বক্তব্য প্রকাশ করেন তিনি। এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, একজন ভারতীয় নাগরিক হয়ে কীভাবে কেউ এমন দেশবিরোধী কাজ করতে পারে?
স্থানীয়দের দাবি, এই ধরনের কার্যকলাপ সমাজে বিদ্বেষ ছড়ায় ও দেশের নিরাপত্তার পক্ষে হুমকি। তাই দোষী যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। পুলিশের তরফেও জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত জোরদার করা হয়েছে এবং সাইবার বিভাগ নজর রাখছে অভিযুক্তের সামাজিক মাধ্যম সংক্রান্ত যাবতীয় কার্যকলাপের উপর।







