দেশ যখন শোকস্তব্ধ, তখন কি উদযাপন সাজে? এই প্রশ্নই তুলে দিলেন কিংবদন্তি সুনীল গাওস্কর। আর তার প্রতিফলন দেখা যাচ্ছে আইপিএলের বাকি ম্যাচগুলিতে। ভারত-পাক সীমান্ত উত্তেজনা ও পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যু যেন পালটে দিল ক্রিকেট উৎসবের আবহ। এবার বিনোদনের রঙ ছেড়ে, মাঠে শুধুই খেলায় মন দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের বাকি ১৭টি ম্যাচে চিয়ার লিডার এবং ডিজে বাদ দেওয়ার কথা ভাবছে বোর্ড। গাওস্করের আবেগঘন অনুরোধে সাড়া দিয়ে বিসিসিআই ঠিক করেছে, ম্যাচ চলাকালীন আর গান বাজবে না, থাকবে না নাচ বা উল্লাস। দর্শকরা এবার শুধুই খেলা উপভোগ করবেন।
গাওস্করের বক্তব্যে উঠে এসেছে সংবেদনশীলতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি বলেছিলেন, ‘‘বেশ কিছু পরিবার প্রিয়জন হারিয়েছে। এই পরিস্থিতিতে খেলার বাইরের কোনও বাড়তি বিনোদন অনুচিত। মাঠে শুধু খেলা চলুক, এটুকুই যথেষ্ট।’’ তাঁর এই মানবিক আবেদনকে গুরুত্ব দিয়ে বিসিসিআইও এবার সংযত মেজাজে আইপিএল শেষ করার পথে।
যদিও ফাইনালে কোনও বিনোদনমূলক উপস্থাপনা রাখা হতে পারে বলে সূত্রের খবর, তবে সেটিও নির্ভর করছে পরিস্থিতির উপর। আপাতত দেশজুড়ে চলমান আবেগ ও ক্ষোভকে সম্মান জানিয়ে, আইপিএল হতে চলেছে সংযমী এবং গম্ভীর আবহে।
এই উদ্যোগ বোঝাচ্ছে, ভারতীয় ক্রিকেট শুধু মাঠের লড়াই নয়, মানুষের অনুভূতিকেও সমান গুরুত্ব দেয়। এবার ‘এন্টারটেইনমেন্ট’ নয়, মাঠে ফিরছে শুধুই ক্রিকেট।







