দেশ

রাডার থেকে উধাও, রানওয়ের আগেই পতন—অজিত পওয়ার বিমান দুর্ঘটনায় রহস্য

মুম্বই/বারামতী: বুধবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পওয়ারের। মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে লিয়ারজেট-৪৫ সংস্থার একটি ব্যক্তিগত বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় অজিত পওয়ার-সহ বিমানে থাকা পাঁচ যাত্রী এবং পাইলটের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

সকাল ৮টা ১০ মিনিট নাগাদ মুম্বই বিমানবন্দর থেকে উড়েছিল ওই বিমানটি। প্রায় ৩৩ মিনিট পর, সকাল ৮টা ৪৩ মিনিট নাগাদ বারামতী বিমানবন্দরের কাছে অবতরণের সময় সেটি ভেঙে পড়ে। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানে আগুন ধরে যায়।

বিমানের গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থাগুলির তথ্য অনুযায়ী, ওড়ার প্রায় ২৪ মিনিট পর আচমকা বিমানটির নজরদারি সঙ্কেত (এডিএস-বি) বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার সঙ্কেত পাঠানো শুরু হলেও, অবতরণের সময় বিমানটি সম্পূর্ণ ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ‘ফ্লাইটরেডার ২৪’ জানায়, প্রথম চেষ্টায় বারামতীর রানওয়েতে অবতরণে ব্যর্থ হয় বিমানটি। একবার চক্কর কেটে ফের নামার চেষ্টা করার সময়ই দুর্ঘটনাটি ঘটে।

বারামতী বিমানবন্দরের ম্যানেজার শিবাজি তাওয়াড়ে জানান, রানওয়ে থেকে কিছুটা দূরে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার ফলে দেহগুলি এতটাই পুড়ে যায় যে, প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে হাতঘড়ি ও পোশাকের সূত্র ধরে অজিত পওয়ারের দেহ শনাক্ত করা হয়। উল্লেখযোগ্য ভাবে, এনসিপির নির্বাচনী প্রতীকও ঘড়ি—যা নিয়ে একসময় শরদ পওয়ারের সঙ্গে তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছিল।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভেঙে পড়ার ঠিক আগে পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে জানান, তিনি রানওয়ে দেখতে পাচ্ছেন না। পরে আবার জানান, রানওয়ে দৃশ্যমান হয়েছে। সেই মুহূর্তেই বিমানটি ভেঙে পড়ে বলে অনুমান।

অজিত পওয়ারের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ শোকবার্তায় লেখেন, অজিত পওয়ার ছিলেন পরিশ্রমী, প্রশাসনিক দক্ষতায় সমৃদ্ধ এবং সমাজের তৃণমূল স্তরের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত এক নেতা। দুর্ঘটনায় নিহত সকলের পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি। শোকপ্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রিয়ঙ্কা গান্ধী-সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলে বলেন, ‘‘এ দেশে কারও নিরাপত্তা নিশ্চিত নয়। রাজনৈতিক ব্যক্তিত্বরাও বাদ নন।’’ তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হলেও, এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পওয়ার ভাইপোর মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলেই উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘‘এতে কোনও রাজনীতি নেই। আমরা একজন দক্ষ ও পরিশ্রমী নেতাকে হারালাম। এই ক্ষতি অপূরণীয়।’’

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইয়ে এনসিপিতে ভাঙন ধরিয়ে বিজেপি-শিবসেনা জোটে যোগ দিয়েছিলেন অজিত পওয়ার। পরবর্তীতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দলের নাম ও প্রতীক তাঁর গোষ্ঠীর হাতে আসে। সাম্প্রতিক কালে কাকা-ভাইপোর রাজনৈতিক দূরত্ব কমার জল্পনা চলছিল। সেই আবহেই এই দুর্ঘটনা নতুন করে রাজনৈতিক মাত্রা পেয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ভিএসআর অ্যাভিয়েশন সংস্থার মালিকানাধীন। সংস্থার কর্ণধার ভিকে সিংহ দাবি করেছেন, বিমানে কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল না এবং পাইলটরাও ছিলেন অত্যন্ত অভিজ্ঞ। তাঁর মতে, দৃশ্যমানতার অভাবই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.