বিয়ের পর থেকেই শুরু হয়েছিল অত্যাচার। সন্দেহ, মানসিক ও শারীরিক নির্যাতনের এক মরণফাঁদে জড়িয়ে পড়েছিলেন সাগিরা বিবি (২৯)। শেষমেশ সেই ভয়ঙ্কর পরিণতি এলো বাঁশবাগানে—যেখানে প্রাণ গেল তাঁর, আর মৃত্যু-প্রচেষ্টায় জড়িয়ে পড়লেন তাঁর স্বামী আসলাম মণ্ডল।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের শঙ্করপুর ২ পঞ্চায়েতের কেশবপুর এলাকায়। শুক্রবার বিকেলে একটি নির্জন বাঁশবাগানে সাগিরা বিবির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছু দূরেই পড়ে ছিলেন গুরুতর আহত আসলাম মণ্ডল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা সাগিরাকে মৃত বলে ঘোষণা করেন। ব্লেড হাতে থাকা অবস্থায় রক্তাক্ত আসলামকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগিরা মন্দিরবাজার থানা এলাকার টেকপাজার বাসিন্দা। কয়েক বছর আগে নির্যাতনের জেরে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে যান। কিন্তু অত্যাচার থামেনি। অভিযোগ, শুক্রবার সকালে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে সেখান থেকেই তাঁকে টেনে নিয়ে যান আসলাম। এমনকি মহিলা থানায় আশ্রয় নেওয়ার চেষ্টাও ব্যর্থ হয়। পরে নির্জন বাঁশবাগানে নিয়ে গিয়ে স্ত্রী’র গলায় ধারালো অস্ত্র চালান আসলাম। এরপর নিজেই গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।
পরিবারের দাবি, সন্দেহের বশে স্ত্রীকে দীর্ঘদিন ধরেই মারধর করতেন আসলাম। এমনকী স্ত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখাও তাঁর রোষের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই নৃশংস হত্যার কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার।
ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।







