সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জের আমবেড়িয়া এলাকায় রাস্তার বেহাল অবস্থার বিরুদ্ধে অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ পাঁচ বছর ধরে আমবেড়িয়া বাজার থেকে রূপমারি ফেরিঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা।
এই রাস্তার প্রায় প্রতিটি জায়গায় পিচ উঠে গিয়ে বড় বড় পাথরের খোয়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এতে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকার মানুষ। বিশেষ করে স্কুল পড়ুয়া ও কলেজ ছাত্র-ছাত্রীদের যাতায়াতে চরম সমস্যা দেখা দিচ্ছে। দশটি গ্রামের সাধারণ মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল হলেও দীর্ঘদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, বহুবার পঞ্চায়েত ও বিডিও অফিসে লিখিতভাবে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে বাধ্য হয়েই এদিন রূপমারি ফেরিঘাট রোড অবরোধ করে বিক্ষোভে নামেন তাঁরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার উপর বসে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা।
তাঁদের স্পষ্ট বার্তা, “আর নয় অবহেলা, এবার চাই রাস্তা সংস্কারের নির্দিষ্ট আশ্বাস ও দ্রুত কাজের সূচনা।” যদি প্রশাসন এবারও নিরব থাকে, তবে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয়রা।
এই ঘটনার জেরে ওই রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।







