দেশরাজ্য

সৃজনের পাশে জ্যোতি? পূর্বাদ্রির দাবি— ওটা আমার ছবি ছিল

গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর এক বিতর্কিত ছবি ঘুরতে থাকে সামাজিক মাধ্যমে। ছবিটিতে দেখা যায়, বাম নেতা সৃজন ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে আছেন জ্যোতি মালহোত্রা। সোমবার সেই ছবি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর বিতর্ক।

তবে পরদিনই ছবিটিকে ভুয়ো বলে দাবি করেন সৃজন। কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগও দায়ের করেন তিনি। জানান, প্রযুক্তির অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে ছবিটি। আর এই ভুয়ো ছবি দেখে চমকে যান বরাহনগরের তরুণী পূর্বাদ্রি পোদ্দার। তাঁর দাবি, মূল ছবিতে সৃজনের পাশে ছিলেন তিনি নিজেই। গত ২০ এপ্রিল ব্রিগেডের একটি সভায় সেই ছবি তোলা হয়েছিল এবং সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছিলেন তিনি।

পূর্বাদ্রির অভিযোগ, অলীপ সমাদ্দার নামের এক ব্যক্তি তাঁর ছবিটি বিকৃত করে জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে দেন। উদ্দেশ্য ছিল বাম নেতা সৃজনের ভাবমূর্তি নষ্ট করা। বিষয়টি নিয়ে বরাহনগর থানার সাইবার সেলে অভিযোগ জানান তিনি। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

পূর্বাদ্রির মা সীমা দাস, বরাহনগর পৌরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন। তাঁর কথায়, “সৃজন ভট্টাচার্য একজন সম্ভাবনাময় নেতা। তাঁকে কালিমালিপ্ত করতেই এই কৌশল নেওয়া হয়েছে।”

এই ঘটনা আবারও সামনে এনে দিল প্রযুক্তির অপব্যবহার কীভাবে রাজনৈতিক ষড়যন্ত্রে হাতিয়ার হয়ে উঠতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.